নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কে সেতু নির্মাণ। রাস্তা মেরামত ও সম্প্রসারণ। এবং জেলা সদরগুলিকে চার লেনের রাস্তার মাধ্যমে যুক্ত করা ও বড়ো রাস্তাগুলিকে ৬ লেনের করার পরিকল্পনা হয়েছে। বৃহস্পতিবার নবান্নে এ কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গাদকারির সঙ্গে নবান্ন সভাঘরে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। সেখানে রাজ্যের সড়ক পরিকাঠমো উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। জাতীয় সড়কের সংখ্যা ও দৈর্ঘ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের আরও বেশি সংখ্যক রাজ্য সড়ককে জাতীয় সড়কের আওতায় আনা প্রয়োজন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখবেন বলে জানিয়েছেন। তাঁর মতে, এর ফলে কেন্দ্রীয় বরাদ্দের মাধ্যমে রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নয়নের কাজ আরও দ্রুত হবে। এই কাজে রাজ্যের পূর্বতন সরকার চূড়ান্তভাবে ব্যর্থ বলেও দাবি তাঁর।
এদিনের বৈঠকে রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। ডালখোলা-ইসলামপুর, ভাবতা-বেলডাঙা, পলাশি, ছোটো জাগুলিয়া এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের মতো বিভিন্ন রাস্তা মেরামত ও সম্প্রসারণ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। কলকাতা রিং রোড প্রকল্পের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণার কথাও জানান। এর পাশাপাশি জানান, রাজ্য সরকারকে প্রায় ১০ হাজার বৈদ্যুতিক গাড়ি দেওয়ার বিষয়টিতেও সম্মতি দিয়েছেন মন্ত্রী।
জানা গিয়েছে, সড়ক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে প্রতি মাসে মুখ্যসচিব ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রকল্প পর্যালোচনা বৈঠক হবে। প্রতি দু’মাস অন্তর পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী নিজে। পাশাপাশি গাদকারি প্রতি ছ’মাস অন্তর রাজ্যে আসবেন কাজের অগ্রগতি খতিয়ে দেখতে। বৈঠকে এ কথা তিনি জানিয়েছেন বলে বক্তব্য মুখ্যমন্ত্রীর।



