নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাকপুর লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে ‘সেবাশ্রয়’ কর্মসূচি। শুক্রবার আমডাঙা বিধানসভায় শিবির চালু হয়েছে, চলবে রবিবার পর্যন্ত। প্রথম দিনেই আমডাঙার তিনটি শিবিরে মানুষের লম্বা লাইন দেখা যায়। প্রথম দিনেই তিনটি শিবিরে প্রায় ২ হাজার মানুষ চিকিৎসা পেয়েছেন বলে জানা গিয়েছে। ডাক্তার দেখানোর পাশাপাশি বিভিন্ন পরীক্ষা, বিনামূল্যে ওষুধ ইত্যাদি পরিষেবা পেয়েছেন সাধারণ মানুষ। প্রসঙ্গত, এর আগে বিজপুর বিধানসভা কেন্দ্রের হলিশহরে ‘সেবাশ্রয়’ কর্মসূচি পালিত হয়েছে। প্রতিটি বিধানসভা এলাকায় একটি মডেল শিবিরের পাশাপাশি দু’টি করে সহযোগী শিবির করা হচ্ছে। মডেল শিবিরে মূলত বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। আমডাঙা বিধানসভায় ক্যাম্পগুলি হচ্ছে আওয়ালসিদ্ধি মোড়, দত্তপুকুর ব্যায়াম সমিতি খেলার মাঠ ও বেড়াবেড়িয়া পঞ্চায়েত সংলগ্ন মাঠে। এদিন শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, আমডাঙার বিধায়ক রফিকুর রহমান, নৈহাটির বিধায়ক সনৎ দে প্রমুখ। নিজস্ব চিত্র



