মুম্বই, ২১ জানুয়ারি: এই নিয়ে টানা তৃতীয় দিন! পতন অব্যাহত ভারতের শেয়ার বাজারে। বুধবার ২৭০ পয়েন্ট পড়ল সেনসেক্স। দিনের শেষে সূচক ছিল ৮১ হাজার ৯০৯ অঙ্কে। একদিনে বাজার থেকে উবে গিয়েছে লগ্নিকারীদের মোট প্রায় ২ লক্ষ কোটি টাকা। একই দশা নিফটির। ২৫,২০০ পয়েন্টের নীচে নেমে গিয়েছে এনএসই সূচক। ৭৫ পয়েন্ট পড়ে তা থিতু হয় ২৫ হাজার ১৫৭ অঙ্কে।
ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অস্থিরতার পরিবেশ। যার ফলে সপ্তাহের প্রথম থেকেই পতনের সম্মুখীন বিশ্ব বাজার। ব্যতিক্রম নয় ভারত। তবে মঙ্গলবার কার্যত গ্রহণ লেগেছিল দালাল স্ট্রিটে। একদিনে ১ হাজার ৬৫ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। সূচক নেমে আসে ৮২,১৮০.৪৭ অঙ্কে। গত তিন মাসের মধ্যে রেকর্ড গড়ে বন্ধ হওয়ার সময় নয়া তলানি স্পর্শ করে বাজার।
বুধবার বেচাকেনার শুরুতেও আস্থার অভাব দেখা পড়ে লগ্নিকারীদের মধ্যে। আগের দিনের থেকে আরও পড়ে ৮১,৭৯৪.৬৫ অঙ্কে খোলে সেনসেক্স। একসময় তা নেমে এসেছিল ৮১,১২৪ পয়েন্টে। যদিও দিনের দ্বিতীয়ার্ধে ধাক্কা সামলে অনেকটা ঘুরে দাঁড়ায় সূচক। পৌঁছে যায় ৮২,৪০৭ পয়েন্টের ঘরে। যদিও তা ধরে রাখা সম্ভব হয়নি।