পেট্রলে ৩১% ইথানল! কর্ণাটক সরকারের দাবি খারিজ কেন্দ্রের
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: নির্ধারিত মাত্রার থেকে পেট্রলে অতিরিক্ত ইথানল মেশানো হচ্ছে রাজ্যে। শনিবার এই অভিযোগ করেছিলেন কর্ণাটকের ক্রেতাসুরক্ষা মন্ত্রী রিজওয়ান আর্শাদ। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে  সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। রবিবার তিনি বলেন, ‘ইথানল মিশ্রিত ই ২০ পেট্রল ব্যবহারের জেরে হাজার হাজার গাড়িতে নানা সমস্যা হচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি। বারবার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। মাইলেজও কমে গিয়েছে। কেন্দ্রীয় সরকারকে এমন ৬৭টি ঘটনার কথা জানিয়েছি। নমুনাও সংগ্রহ করা হয়েছে। প্রথমে আমরা এই অভিযোগ নিয়ে তদন্ত করে দেখব।’ শনিবারই এই প্রসঙ্গে মোদি সরকারকে একহাত নিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভোট চুরির পর এবার পেট্রল চুরির অভিযোগে বিঁধেছিলেন কেন্দ্রকে। যদিও নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ইথানল থাকা সংক্রান্ত  কর্ণাটক সরকারের দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্র। 

Advertisement

কেন্দ্র জানিয়েছে, ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পেট্রলের মোট ৮৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। শুধু কর্ণাটকেই নমুনার সংখ্যা ছিল ৫৬টি। কিন্তু, কোথাও সরকার নির্ধারিত ১৯-২০ শতাংশের বেশি ইথানলের প্রমাণ মেলেনি। মন্ত্রক জানিয়েছে, তিন সরকারি সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড ও হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড গোটা দেশে তেল সরবরাহ করে। জ্বালানিতে ২৬ থেকে ৩১ শতাংশ ইথানল থাকার কথা তারাও খারিজ করে দিয়েছে। সেইসঙ্গে, কর্ণাটক সরকার কীভাবে ই ২০ পেট্রলের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করেছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাগুলি। গুণমান খতিয়ে দেখতে যৌথভাবে পরীক্ষার দাবি তুলেছে তারা। যদিও অভিযোগ সম্পর্কে অনড় কর্ণাটক সরকার। এপ্রসঙ্গে শিবকুমার বলেছেন, ‘সরকার কোনো কিছুই গোপন করছে না। এর সঙ্গে আমাদের কোনো যোগ নেই। আমরা যাচাই করে দেখেছি, বাঙ্কারে পেট্রল জমার সময় তাতে অতিরিক্ত ইথানল মেশানো হচ্ছে। আমাদের কাছে সব নথি রয়েছে।’ উল্লেখ্য, শনিবার রাজ্যের মন্ত্রী রিজওয়ান আর্শাদ অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় সরকার পেট্রলে সর্বাধিক ২০ শতাংশ পর্যন্ত ইথানল মেশানোর অনুমতি দিয়েছে। অথচ কর্ণাটকে বেআইনিভাবে সেই ইথানল মেশানো হচ্ছে ৩১.২ শতাংশ হারে।