নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেওয়ালির দিন থেকে ব্যবসায়িক বছরের শুরু। তার পোশাকি নাম ‘সম্বৎসর’। শেয়ার বাজারে লক্ষ্মী-গণেশের পুজোর পর নির্ঘণ্ট মেনে বিশেষ সময়ে ট্রেডিং হয়, যার নাম ‘মুহূর্ত’। অন্যান্য স্টক এক্সচেঞ্জের মতোই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জেও প্রতিবছর হয়ে এসেছে মুহূর্ত ট্রেডিং। বর্তমানে দেশের অন্যতম প্রাচীন এই শেয়ার বাজার বন্ধ। তাই রবিবার সেখানে এবার ‘অন্য মুহূর্ত’। এদিন বিকেলে নিয়ম মেনেই লক্ষ্মী-গণেশের পুজো হল ক্যালকাটা স্টক এক্সচেঞ্জে। তার আগে হয়েছে কালীপুজোও। দেওয়ালির পুজোর পর পেল্লায় আকারের লাড্ডুও বিলি করা হয় রীতি মেনে। এবার ট্রেডিং নাহলেও আগামী দিনে মুহূর্ত ট্রেডিং হবে, এই আশায় নতুন উদ্যমে দেওয়ালি উদযাপন করলেন ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের কর্মী ও ব্রোকাররা।
কলকাতার ঐতিহ্যপূর্ণ এই শেয়ার বাজারের নিজস্ব লেনদেন বন্ধ ২০১৩ সাল থেকে। এরপর বিএসই ও এনএসইর হয়ে এখানে ট্রেডিং হয়েছে। কিন্তু তাও চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ‘এগ্জিট’ বা ব্যবসা পাকাপাকি বন্ধ করার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) কাছে আবেদনও করে তারা। এরপরই আসরে নামে কেন্দ্র। বাংলায় বিজেপি ক্ষমতা এলে এই শেয়ার বাজার খোলার উদ্যোগ নেওয়া হবে—এমনই প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের নতুন সরকারও এবারের বাজেটে ঘোষণা করেছে, এক্সচেঞ্জ খোলার ব্যাপারে তারা উদ্যোগী হবে।
সেইমতো নতুন করে বাজার খোলার জন্য আবারও সেবির কাছে দরবার শুরু করেছে এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। সম্প্রতি কলকাতায় এসে সেবি চেয়ারম্যান তুহিনকান্ত পান্ডে জানান, নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে আবেদন করলে তাঁরা এক্সচেঞ্জ খোলার অনুমতি আবারও দিতে পারেন।
ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রশাসনিক আধিকারিক শংকরলাল সিং বলেন, আমাদের সঙ্গে সেবির কথাবার্তা শুরু হয়েছে। কোন পথে এগোতে হবে, তা ঠিক করতে উপদেষ্টা সংস্থাও নিয়োগ করা হবে। কেন্দ্র ও রাজ্যে ডবল ইঞ্জিন সরকার থাকায় কাজও দ্রুততার সঙ্গে এগোবে বলে আমরা আশাবাদী। তাই দেওয়ালির উৎসবেও এক্সচেঞ্জে বাড়তি উৎসাহ ছিল সব পক্ষেরই। বিশেষ উদ্যোগ নেন কোম্পানি সেক্রেটারি চন্দ্রাণী দত্ত। এদিন শুধু ট্রেডিংটুকুই যা হয়নি। মুহূর্তের উৎসবে কোনো ভাটা পড়েনি। সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ আরতির সময় বহু পুরানো ব্রোকার হাজির ছিলেন। আমাদের পাশাপাশি তাঁদেরও আশা, আবারও মুহূর্ত ট্রেডিংয়ের উদ্যোগ শুরু হবে আগামী দিনে। পূর্ণমাত্রায় চলবে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ।



