বেঙ্গালুরু: দলীপ ট্রফিতে ভরাডুবি পূর্বাঞ্চলের। উত্তরাঞ্চলের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সুযোগই পেলেন না রিয়ান পরাগরা। ম্যাচটি ড্র হলেও প্রথম ইনিংসে লিডের সুবাদে সেমি-ফাইনালে পৌঁছয় উত্তরাঞ্চল। উল্লেখ্য, প্রথম ইনিংসে অঙ্কিত কুমারদের ৪০৫ রানের জবাবে ২৩০ রানে গুটিয়ে যায় পূর্বাঞ্চল। রবিবার, ম্যাচের শেষ দিনে ৪ উইকেটে ৬৫৮ রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে উত্তরাঞ্চল। ডাবল সেঞ্চুরি হাঁকান আয়ূষ বাদোনি (অপরাজিত ২০৪)। অঙ্কিত করেন ১৯৮। দ্বিতীয় ইনিংসে সামি মাত্র ১১ ওভার হাত ঘুরিয়েছেন। ক্যাপ্টেন পরাগ জানিয়েছেন, পায়ে আঘাত পেয়েছেন সামি। ফলে, তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে।



