ব্রতীন দাস, মালদহ: রোস্টার অগ্রাহ্য করে মালদহ মেডিকেলে চিকিৎসকদের একাংশের দেদার ডিউটি বদল। পিছনে টাকার খেলা? উঠছে প্রশ্ন। অভিযোগ, মাদার অ্যান্ড চাইল্ড হাব, ট্রমা কেয়ার সহ বিভিন্ন বিভাগে চিকিৎসকদের ডিউটির জন্য যে রোস্টার তৈরি করা হচ্ছে, অধিকাংশ সময় তা মানা হচ্ছে না। দেখা যাচ্ছে, রোস্টার অনুযায়ী যে চিকিৎসকের যখন ডিউটি করার কথা, তিনি সেসময় থাকছেন না। অন্য কেউ তাঁর হয়ে ‹প্রক্সি› ডিউটি করছেন। হাসপাতাল কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কোনোভাবেই চিকিৎসকদের ডিউটি বদল করা যাবে না বলে একাধিকবার জানানোর পরও তা বন্ধ করা যায়নি বলে অভিযোগ।
সম্প্রতি প্রসব যন্ত্রণা নিয়ে মালদহ মেডিকেলে ভর্তি হতে আসা এক অন্তঃসত্ত্বাকে ভর্তি না নিয়ে রাতেরবেলা ফিরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। হাসপাতাল সূত্রে খবর, রোস্টার অনুযায়ী যাঁদের ডিউটি করার কথা ছিল, ঘটনার সময় তাঁরা সবাই ছিলেন না। পরিবর্তে অন্যরা ডিউটি করছিলেন। বিষয়টি নিয়ে চরম ক্ষুব্ধ মালদহ মেডিকেলের এমএসভিপি গণেশচন্দ্র গায়েন। তিনি বলেন, এটা ঠিক যে, বারবার বলার পরও চিকিৎসকদের একাংশের ডিউটি বদল ঠেকানো যাচ্ছে না। রোস্টারে একরকম থাকছে, বাস্তবে দেখা যাচ্ছে অন্যরকম। এব্যাপারে এবার আমরা প্রয়োজনীয় পদক্ষেপের পথে হাঁটতে বাধ্য হব।
মালদহ মেডিকেলের রোগী কল্যাণ সমিতির সদস্য তথা ইংলিশবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ি বলেন, দ্রুত যাতে মেডিকেলে রোগী কল্যাণ সমিতির মিটিং ডাকা হয়, সেব্যাপারে বলছি।
অনেকগুলি ইস্যু রয়েছে। মিটিংয়ে সবগুলি নিয়ে আলোচনা করা হবে। মালদহ মেডিকেলে চিকিৎসকের একাংশের বিরুদ্ধে ঠিকমতো ডিউটি না করার অভিযোগ দীর্ঘদিনের।
অভিযোগ, বেশকিছু চিকিৎসক রয়েছেন, যাঁদের হাসপাতালে দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। গত সেপ্টেম্বরে রাতে মালদহ মেডিকেলে আচমকা পরিদর্শনে আসেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সেসময় ওয়ার্ডে সিনিয়র চিকিৎসক না থাকার বিষয়টি তাঁর নজরে আসে। বিষয়টি তিনি স্বাস্থ্যভবনে জানাবেন বলে হুঁশিয়ারি দেন। কিন্তু তারপরও পরিস্থিতির কোনো বদল হয়নি বলে হাসপাতাল সূত্রে খবর।
মেডিকেলের এক সহকারী সুপারের বক্তব্য, চিকিৎসকদের ডিউটি রোস্টার তৈরি হচ্ছে। কিন্তু কোনো ঘটনা ঘটলে খোঁজ নিতে গিয়ে দেখা যাচ্ছে, রোস্টারে যেসব চিকিৎসকের থাকার কথা, তাঁদের বদলে সেসময় অন্য ডাক্তার ডিউটি করছিলেন। এনিয়ে চিকিৎসকদের জিজ্ঞাসা করলে তাঁরা নানারকম সাফাই দিচ্ছেন। এমএসভিপি বলেন, আমার প্রশ্ন, রোস্টারে যাঁর ডিউটি করার কথা, তিনি ডিউটি করলেন না। পরিবর্তে অন্য একজন তাঁর জায়গায় ডিউটি করে দিলেন। সেক্ষেত্রে যিনি ‘প্রক্সি’ ডিউটি করলেন, সেসময় তাঁর কোথায় ডিউটি ছিল? তাঁর সেই ডিউটি কে করলেন? মোটা টাকার বিনিময়ে চিকিৎসকদের একাংশের ডিউটি বিক্রির অভিযোগ প্রসঙ্গে এমএসভিপির অবশ্য বক্তব্য, টাকার বিনিময়ে কোনো চিকিৎসকের ডিউটি বদল হচ্ছে কি না জানা নেই। তবে চিকিৎসকদের উদ্দেশ্যে সাফ বার্তা, রোস্টার মেনে ডিউটি করতে হবে।



