নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মানুষ, প্রাণী ও উদ্ভিদ—সম্পর্কযুক্ত এই তিন জগতের জন্য সম্পূর্ণ স্বতন্ত্র চিকিৎসাপদ্ধতির কথা না ভেবে একই দৃষ্টিকোণ থেকে তিন জগতের সুস্বাস্থ্যের চিন্তা বা ‘ওয়ান হেলথ’! তা-ই এখন বিশ্বজুড়ে চর্চার বিষয়। মডার্ন মেডিসিন চলছে সেই পথে। একই পথে হাঁটা শুরু করল হোমিয়োপ্যাথিও। দেশে হোমিয়োপ্যাথির শীর্ষ সংস্থা সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিয়োপ্যাথির (এনআইএইচ) উদ্যোগে এবার মাছ ও উদ্ভিদের অসুখেও হোমিয়োপ্যাথিক ওষুধ প্রয়োগ করা শুরু হচ্ছে। এনআইএইচ সূত্রে এই খবর মিলেছে।
উদ্ভিদের রোগে হোমিয়োপ্যাথির ব্যবহার নিয়ে প্রথম কাজ শুরু হয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে (বিসিকেভি) সঙ্গে। বেগুনের একটি মারাত্মক অসুখে চাষিদের খুবই দুশ্চিন্তায় পড়তে হয়। তা হল ‘ব্রিঞ্জল মোজাইক ভাইরাস’ সংক্রমণ। এতে বেগুনে পোকা হয়। পাতা হলুদ হয়ে যায়। বেগুন পচে যায়। নষ্ট হয়। ইনস্টিটিউটের রিসার্চ শাখায় এই কাজে যুক্ত এখানকার বিএইচএমএস-এর ফাইনাল ইয়ারের ছাত্র কুন্তল দাস। তিনি বলেন, ‘বিসিকেভির তরফে সম্প্রতি আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানায়, বেগুনের এই ভাইরাসঘটিত রোগে প্রচলিত অ্যান্টিভাইরাল ওষুধপত্র তেমন কাজই করছে না। রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে। তাঁরা বলেন, আপনারা হোমিয়োপ্যাথিক ওষুধ দিতে পারেন। আমরা প্রয়োগ করে দেখব। এরপরই আমরা চারটি হোমিয়োপ্যাথিক ওষুধ ওদের দিয়েছি। ইতিমধ্যে বেগুন খেতে ওই চারটি ওষুধ স্প্রে করা হয়েছে। ওষুধে কাজ কতটা হল বা আদৌ হল কি না, সেই উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করছি।’ এনআইএইচ সূত্রে খবর, থুজা, ন্যাট্রাম মিওরের মতো অত্যন্ত জনপ্রিয় কার্যকর ওষুধ আছে এই চার ওষুধের মধ্যে।
হোমিয়োপ্যাথির এই জাতীয় প্রতিষ্ঠানের অন্যতম এক সূত্র জানিয়েছে, সম্প্রতি অসুস্থ মাছে বা মাছের মড়ক রুখতে হোমিয়োপ্যাথিক ওষুধ প্রয়োগ নিয়ে কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি হয়েছে। জলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় অসুখ, সংক্রমণ, কৃমিসহ মাছের বিভিন্ন অসুখে হোমিয়োপ্যাথিক ওষুধের ব্যবহার শীঘ্রই শুরু হতে চলেছে। এনআইএইচ-এর সেন্টার অব এক্সেলেন্স-এর প্রধান ডাঃ কুমার ভেলের অধীনে এই গবেষণা চলছে। তিনি বলেন, ‘বিসিকেভির গবেষণায় পাঁচবার হোমিয়োপ্যাথিক ওষুধ স্প্রে করা হবে বেগুনে। আগামী ২ মাসের মধ্যে সমস্ত রিপোর্ট চলে আসবে আশা করছি। রোগগ্রস্ত মাছে কী কী ওষুধ দেওয়া হবে, তাও নির্বাচন হয়ে গিয়েছে। শীঘ্রই শুরু হবে কাজ।’
এনআইএইচ-এর অধিকর্তা ডাঃ প্রলয় শর্মা বলেন, ‘এখন ওয়ান হেলথ-এর সময়। মানুষের পাশাপাশি উদ্ভিদ এবং প্রাণীজগতের অসুখে হোমিয়োপ্যাথির ব্যাপ্তি প্রসারিত করতে চাই। সেই লক্ষ্যেই একটার পর একটা মউ হচ্ছে।’



