নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টি-২০ ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। আচমকা বিদায় জানিয়েছেন টেস্ট ফরম্যাটকেও। আপাতত তিনি শুধু খেলবেন ওয়ান ডে ক্রিকেটে। ২০২৭ বিশ্বকাপকেই পাখির চোখ করেছেন হিটম্যান। তবে সেই ইচ্ছা পূরণের পথে রয়েছে বহু বাধা। আর প্রথম হার্ডলটাই ব্রাঙ্কো টেস্ট। শোনা যাচ্ছে, বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার ফর এক্সেলেন্সে সেপ্টেম্বরে ১৩ তারিখ ফিটনেস টেস্ট হবে রোহিতের। তার উপরই নির্ভর করছে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার। উল্লেখ্য, ফিটনেস টেস্টের জন্য শুক্রবারই বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল।
অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনের আগে সম্ভাব্য ক্রিকেটারদের তালিকা তৈরি করে ফেলেছেন নির্বাচকরা। সেখানে রোহিতের সঙ্গে রয়েছেন বিরাট কোহলিও। কিন্তু রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর ভারতের জার্সি গায়ে খেলেননি। প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দীর্ঘদিন তিনি দূরে। ফলে ফিটনেস একটা বড় ইস্যু। তাই রোহিত কতটা ম্যাচ কন্ডিশনে রয়েছেন, সেটাই পরখ করে নিতে চাইছেন নির্বাচকরা। সে কারণেই তাঁকে ডাকা হয়েছে বেঙ্গালুরুতে। দিন তিনেক তাঁকে থাকতে হবে সেন্টার ফর এক্সেলেন্সে। ওই সময় অবশ্য দলীপ ট্রফির ফাইনাল রয়েছে (১১-১৫ সেপ্টেম্বর)। তাতে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন বিসিসিআইয়ের এক শীর্ষকর্তা। তিনি বলেন, ‘মূল মাঠে দলীপ ট্রফির ফাইনাল হবে। তাই রোহিতের ফিটনেস টেস্ট নিতে কোনও সমস্যা হবে না। কারণ, অনেকগুলো মাঠ রয়েছে।’ কঠিন চ্যালেঞ্জের কথা মাথায় রেখে ইতিমধ্যে ফিটনেস ট্রেনিং শুরু করে দিয়েছেন রোহিত। একদা সতীর্থ তথা বন্ধু অভিষেক নায়ার তাঁকে সাধ্যমতো সহযোগিতা করছেন।
এতদিন ইয়ো-ইয়ো টেস্টের মাধ্যমেই ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস পরখ করা হতো। এবার কোচ গৌতম গম্ভীর ব্রাঙ্কো টেস্ট চালু করছেন। সেটা বেশ কঠিন পরীক্ষা বলেই পরিচিত। তাই রোহিতের ফিটনেস টেস্টের দিকে নজর ক্রিকেট মহলের। ফিটনেস টেস্টে আশানুরূপ ফল না হলে রোহিতকে হয়তো অবসর নেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজই হতে পারে হিটম্যানের ক্রিকেট থেকে বিদায়ের মঞ্চ।
এদিকে, বিরাট কোহলি এখনও লন্ডনেই। তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। কোহলিরও ফিটনেস টেস্ট হবে। তবে তাঁর টেস্টের দিন এখনও জানা যায়নি। রোহিতের তুলনায় কোহলি অনেক বেশি ফিট ও চনমনে। এদিক থেকে সতীর্থদের কাছে তিনি আদর্শ। তাই ভিকের ফিটনেস নিয়ে টিম ম্যানেজমেন্ট খুব বেশি চিন্তিত নয়।
ভাইরাল জ্বরের জন্য দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলের হয়ে খেলতে পারেননি শুভমান গিল। এই পরিস্থিতিতে এশিয়া কাপের জন্য তাঁকেও ফিটনেস টেস্ট দিতে হবে। সে জন্য শুক্রবার বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে পৌঁছলেন তিনি। তার আগে ২৫ বছর বয়সি তারকা মোহালিতে জিম সেশনও করেছেন বৃহস্পতিবার। ক্রমাগত বৃষ্টিতে উত্তর ভারত এখন বিপর্যস্ত। তাই তাঁর পক্ষে সেখানে নেট করা সম্ভব হচ্ছে না। সেজন্যই তড়িঘড়ি বেঙ্গালুরু পৌঁছে যাওয়া। ফিটনেস টেস্টের পাশাপাশি নেটও করবেন এখানেই। তারপর ধরবেন দুবাইয়ের উড়ান।