রক্ষণ ও মাঝমাঠের ঘাটতি মেটানোই চ্যালেঞ্জ পানোসের
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোয়া থেকে এক বুক আত্মবিশ্বাসের অক্সিজেন নিয়ে সোমবার কলকাতায় ফিরল মোহন বাগান। অ্যাওয়ে ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়। সেই সুবাদে গ্রুপ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার। ডার্বির আগে সবুজ-মেরুন ড্রেসিং-রুমের আবহ তাই ‘ঠান্ডা ঠান্ডা, কুল কুল’। কিন্তু প্রশ্ন, আগামী রবিবারের বড়ো ম্যাচের আগে কোচ পানাজিওটিস কি খুব স্বস্তিতে থাকবেন? কারণ, সাহাল ও মিগুয়েলের অনুপস্থিতিতে সবুজ-মেরুন মিডফিল্ড কার্যত গড়ের মাঠ। পাশাপাশি চিন্তা কম নেই রক্ষণ নিয়েও। রবিবার কয়েকটি স্পেলে চার্চিল ফুটবলাররা নাভিশ্বাস তুলে দিয়েছিলেন অভিষেক, মেহতাবদের। শেষ পর্যন্ত আলবার্তোকে মাঠে নামান কোচ পানোস। তা দেখে ইস্ট বেঙ্গলের লোবা, রামিরেজদের চোখ চকচক করাই স্বাভাবিক।

Advertisement

আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরেছেন আপুইয়া। গোয়ার দলটির বিরুদ্ধে অনেকটাই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। এছাড়া ছন্দে ফিরছেন জেমি ম্যাকলারেন। চার্চিলের বিরুদ্ধে দু’টি গোলের পাস তাঁর পা থেকে এলেও ফিটনেসে ঘাটতি রয়েছে অজি স্ট্রাইকারের। তবে আসল সমস্যা মাঝমাঠ নিয়ে। এই মোহন বাগানে প্লে-মেকারের অভাব সুস্পষ্ট। জেলকোভিচ ও ড্রাজিচ, দু’জনেই মধ্যম মানের ফুটবলার। এদিকে, দুরন্ত ছন্দে থাকা সাহাল চোটের কারণে বাইরে। ‘সবেধন নীলমণি’ মিগুয়েল ফিট হয়ে উঠছেন। তাঁকে ডার্বিতে মাঠে পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী থিঙ্কট্যাঙ্ক। ব্রাজিলিয়ান বল প্লেয়ার ফর্মে থাকলে স্ট্রাইকাররা গোলের বল পাবেন। তবে সবুজ-মেরুন জার্সিতে এখনও ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ মিগুয়েল। খামখেয়ালি ব্রাজিলিয়ানকে কতক্ষণ মাঠে রাখতে পারেন কোচ পানোস, তার উপর অনেকটাই নির্ভর করবে ম্যাচের ভাগ্য।
মোহন বাগানের সবচেয়ে বড় ভরসা বিশাল কাইথ। প্রতি ম্যাচেই তিনি ত্রাতার ভূমিকায়। রবিবার চার্চিলের বিরুদ্ধে ম্যাচের শেষ পর্বে তিনি কমপক্ষে দু’বার দলের নিশ্চিত পতন রোধ করেছেন। বড়ো ম্যাচের আগে ফুটবলারদের ভুলত্রুটি শোধরানোর জন্য পাঁচদিন সময় পাচ্ছেন কোচ পানাজিওটিস। এরমধ্যেই রক্ষণ সংগঠিত করতে হবে তাঁকে। পাশাপাশি মাঝমাঠ সচল রাখাও তাঁর প্রধান চ্যালেঞ্জ। রবিবার চার্চিল ব্রাদার্সকে হারানোর পর গ্রিক কোচ বলেছেন, ‘টানা পাঁচ ম্যাচে জয় মনোবল বাড়াবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে লাভ নেই। কারণ, ম্যাচ থেকে আমরা হঠাৎ করেই হারিয়ে যাচ্ছি। তাছাড়া প্রচুর সুযোগও নষ্ট হচ্ছে। দ্রুত এই ভুল শোধরাতে হবে। রক্ষণ আরও জমাট করাই চ্যালেঞ্জ।’ মঙ্গলবার রিকভারি সেশন। বুধবার শুরু হবে বড়ো ম্যাচের প্রস্তুতি।