নয়াদিল্লি: ড্র ম্যাচের মধ্যেও অনেক নির্যাস লুকিয়ে থাকে। সেটা দল বিশেষে গুরুত্ব পায়। ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হওয়ায় বড়ো ক্ষতি ভারতেরই। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ কিছুটা মসৃণ করতে জয় জরুরি ছিল। কিন্তু জেতার সেই তাগিদটাই বা দেখা গেল কোথায়? নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ড্র হারেরই শামিল। ফলে আরও কঠিন এবং অনিশ্চিত হয়ে পড়ল ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা।
এমনটা নয় যে, এই টেস্ট জিতলেই নিশ্চিত হয়ে যেত ফাইনালের টিকিট। তবে বাড়তি অক্সিজেন অবশ্যই পেতেন গিলরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট বাকি। সাতটির মধ্যে ছ’টি জিতলে ফাইনালে ওঠার সুযোগ তৈরি হবে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হওয়ায় দেওয়ালে পিঠ ঠেকে গেল গিলদের। বাকি ছ’টা ম্যাচ জিততেই হবে। লাল বলের ক্রিকেটে এমন দুর্ধর্ষ পারফরম্যান্স, তাও কিনা গৌতম গম্ভীরের এই দলের কাছে অলীক স্বপ্ন ছাড়া কিছুই না।
অঙ্কের বিচারে পর পর ৬টি টেস্ট জিতলে ভারতের পারসেন্টেজ পয়েন্ট হবে ৬৬.৬৭। তবুও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। আপাতত ১২ টেস্টের পর ভারতের পারসেন্টেজ পয়েন্ট ৫০।
ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ায় কিছুটা চাপে পড়েছে নিউজিল্যান্ডও। তবে মন্দের ভালো। কারণ, ড্র করায় তারা কিছু পয়েন্ট তো পেয়েছে। তাদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। ফাইনালে ওঠার জন্য বাকি সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিততেই হবে টম লাথামদের। তার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রয়েছে চারটি ম্যাচ। এই সিরিজেই হয়তো কিউয়িদের ভাগ্য চূড়ান্ত হবে। এছাড়া তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে দু’টি ম্যাচ।
এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট শতাংশ ৭৫। বাকি আরও চারটি টেস্ট। তার মধ্যে দু’টি জিতলেই ফাইনালের টিকিট নিশ্চিত। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৬৯.২৩। গতবারের রানার্সদের এখনও ন’টি টেস্ট খেলতে হবে। ভারতের বিরুদ্ধে পাঁচটি ও নিউজিলান্ডের বিরুদ্ধে চারটি। এর মধ্যে ছ’টিতে জিতলে ফাইনালে খেলার ছাড়পত্র পাবে ক্যাঙারু বাহিনী। ভারতে স্পিন সহায়ক পিচে খেলতে হবে কামিন্সদের। আর নিউজিল্যান্ড সফরও সহজ হবে না। ভারতের পথ কঠিন হলেও, সব মিলিয়ে এখনও নাটক অপেক্ষা করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিনশিপের ফাইনালে ওঠার লড়াই ঘিরে।



