ওয়েলিংটন: ১২০ ওভার বল করেও দ্বিতীয় ইনিংসে এসেছে মাত্র পাঁচ উইকেট। সব মিলিয়ে বেসিন রিজার্ভে সদ্যসমাপ্ত প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ২৪১ ওভার বল করেছে ভারত। তাতেও মোক্ষলাভ হয়নি। শেষদিনে নিউজিল্যান্ডের মরিয়া প্রতিরোধের সামনে আটকে গিয়েছে টিম ইন্ডিয়া। সাতশোর বেশি রান তুলেও অধরা থেকেছে জয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভারতের মানসিকতা নিয়ে। অধিনায়ক শুভমান গিলের নিশানায় অবশ্য পিচ। বাইশ গজের সমালোচনা করে তিনি বলেন, ‘টেস্ট শুরুর সময় ভেবেছিলাম, বোলারদের জন্য সাহায্য থাকবে। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে, পিচ তত পাটা হয়ে উঠেছে। এত ওভার খেলা হওয়ার কোনো প্রভাব পড়েনি পিচে। শুধু যা মন্থর হয়েছে উইকেট। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সেজন্য ১০০ ওভারেরও বেশি স্লিপ ছাড়াই বল করেছি আমরা। যা নিউজিল্যান্ডে আসার আগে কল্পনাও করতে পারিনি।’ উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হবে শুক্রবার।
পেসারদের ক্লান্তির অজুহাতও দিয়েছেন গিল। তাঁর মতে, ‘পিচে কোনো সাহায্যই মজুত ছিল না। পেস বোলাররা ক্লান্ত হয়ে পড়েছিল। ওরা প্রায় প্রত্যেকেই এই টেস্টে ৫০ ওভারের মতো বল করেছে। পরের টেস্টের বাকি আর তিনদিন। মঙ্গলবার আমরা ক্রাইস্টচার্চ যাব। এগুলোও মাথায় রাখতে হয়েছে। আর ৫ বা ১০ ওভার বল করলেই আমরা জিতব, এমনটা একেবারেই মনে হচ্ছিল না। জয়ের জন্য ঝাঁপানোর শপথ নিয়েই মাঠে নেমেছিলাম। কিন্তু সেভাবে কোনো চান্সই তৈরি হচ্ছিল না। ব্যাটসম্যানদের পরাস্ত করতেই পারছিল না বোলাররা। ওদের কাজটা ক্রমশ কঠিন হয়ে উঠছিল। ঘুরিয়ে-ফিরিয়ে বল করিয়েও সাফল্য আসেনি।’
নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথামও বলেছেন, ‘এটা মোটেই ঐতিহ্যশালী বেসিন রিজার্ভের পিচ নয়। গত কয়েক বছরে এমন পিচ দেখিনি। দ্বিতীয় দিনের পর থেকে পিচে গতি ও বাউন্স ছিল না।’



