ধারাবাহিকতায় চোখ রিয়ালের, নাপোলিকে হারাতে তৈরি ম্যান সিটি
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৯ ম্যাচে জয়। হোসে মরিনহোর প্রশিক্ষণে আবারও চেনা ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ। তবে দলের এই দুরন্ত পারফরম্যান্সের মধ্যেও দুই তারকার মধ্যে প্রকাশ্যে মতবিরোধ কোথাও চিন্তা বাড়াচ্ছে শিবিরে। লা লিগার শেষ ম্যাচে সেলতা ভিগোর বিরুদ্ধে জয়ের পর মাঠের মধ্যেই কিলিয়ান এমবাপের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন জুড বেলিংহ্যাম। অনেকের মতে, ভিনিসিয়াসের প্রথম একাদশে সুযোগ না পাওয়া নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড তারকা। আর এর নেপথ্যে এমবাপের কারসাজি রয়েছে বলেই মনে করছেন বেলিংহ্যাম। তাই ফরাসি তারকার উপর বেজায় চলেছেন তিনি। এমন আবহে মঙ্গলবার চ্যাম্পিয়ন লিগের লড়াইয়ে ফের মাঠে নামছে রিয়াল। প্রতিপক্ষ ডাচ ক্লাব পিএসভি। ঘরের মাঠে ইউরোপ সেরা লড়াইয়ের আগে দলের পরিবেশ সুস্থ রাখাই বড়ো চ্যালেঞ্জ কোচ মরিনহোর।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। একই পয়েন্ট নিয়ে গোলপার্থক্যের নিরিখে শীর্ষে পিএসজি। তবে মঙ্গলবার জিতলে আপাতত ফরাসি ক্লাবটিকে টপকে যাওয়ার সুযোগ থাকছে এমবাপেদের সামনে। তবে রিয়াল শিবিরে এখন সবচেয়ে বড়ো প্রশ্ন, ভিনিসিয়াস কি প্রথম একাদশে সুযোগ পাবেন? নাকি আরও একবার বেঞ্চে বসেই শুরু করতে হবে তাঁকে। কোচ মরিনহো অবশ্য ব্রাজিলিয়ান উইঙ্গারকে নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন। তাঁর কথায়, ‘প্রত্যেকের জীবনে ওঠানামা থাকে। তবে ভিনিসিয়াস জানে, কীভাবে দ্রুত ফর্মে ফিরতে হয়। দেশের জার্সিতে সে ভালো পারফর্ম করেছে। ক্লাবের হয়েও সেই ছন্দ ধরে রাখতে হবে।’
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নামছে ম্যাঞ্চেস্টার সিটি। এতিহাদ স্টেডিয়ামে হালান্ডদের প্রতিপক্ষ নাপোলি। ইপিএলে শেষ ৪টি ম্যাচে জয়ের মুখ দেখেনি সিটিজেনরা। ইউরোপ সেরার লড়াইয়ে অবশ্য ৪ ম্যাচে ৩টি জয়ে লিগ তালিকায় সপ্তম স্থানে রয়েছে এনজো মারেস্কার ছেলেরা। মঙ্গলবার ইতালিয়ান ক্লাবটিকে হারিয়ে সেই অবস্থানে উন্নতি করাই লক্ষ্য নীল ম্যাঞ্চেস্টারের। দিনের অপর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে আর্সেনাল। ইপিএলের শেষ ম্যাচে পয়েন্ট খুইয়েছে গানাররা। তাই ইউরোপ সেরার লড়াইয়ে জয়ে ফেরাই লক্ষ্য মিকেল আর্তেতা ব্রিগেডের। তবে চোটের কারণে গোলরক্ষক ডেভিড রায়ার না থাকাটা অবশ্যই বড়ো ধাক্কা আর্সেনালের।