জেনেভা: ফলাফল যাই হোক না কেন, ডোম্মারাজু গুকেশ এবং জাভোখির সিনডারোভের মধ্যে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের দ্বৈরথ স্মরণীয় হয়ে থাকবে। উভয়ের বয়স প্রায় সমান। একুশ বছরের সিনডারোভের থেকে মাত্র ছয় মাসের ছোটো ভারতীয় দাবাড়ু। সুইৎজারল্যান্ডের জেনেভায় সোমবার শুরু হচ্ছে দাবার এই ক্ল্যাসিকাল চ্যাম্পিয়নশিপ। ৮ গেমে ফয়সালা না হলে খেলা সর্বাধিক ১৪ গেম পর্যন্ত গড়াতে পারে। তাতেও যদি বিজয়ী নির্ধারণ না হয় সেক্ষেত্রে ১২ ডিসেম্বর টাই-ব্রেকারে মুখোমুখি হবেন দুই প্রতিদ্বন্দ্বী। বিশ্বনাথন আনন্দের ছাত্র গুকেশের সামনে খেতাবরক্ষার হাতছানি। আর তাঁর উজবেক চ্যালেঞ্জার সিনডারোভ চাইবেন নিজেকে সাফল্যের সর্বোচ্চ মসনদে প্রতিষ্ঠিত করতে। ফলে দুই তরুণের বিশ্বসেরার লড়াই ঘিরে দারুণ কৌতূহলী দাবা মহল।
২০২৪ সালের চ্যাম্পিয়নশিপ ম্যাচে চীনের ডিং লিরেনকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট নিশ্চিত করেছিলেন গুকেশ। তবে তারপর অনেকটাই পড়েছে তাঁর সাফল্যের গ্রাফ। ক্লাসিক্যাল এবং র্যাপিড— উভয় ফরম্যাটেই ক্রমাগত ব্যর্থ হয়েছেন ভারতীয় তারকা। একটা সময় তাঁর রেটিং পয়েন্ট ছিল ২৭৯৪। সেখান থেকে গত দেড় বছরে তিনি নেমে এসেছেন ২৭১০ পয়েন্টে। তার জেরে ২৬ নম্বরে গিয়ে ঠেকেছে র্যাংকিং। ২০২৫ দাবা বিশ্বকাপে তো শীর্ষ বাছাই হিসাবে অভিযান শুরু করেও তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নেন গুকেশ। জঘন্য পারফরম্যান্সের কারণে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেন এবং কাসপারভের কড়া সমালোচনাও হজম করতে হয় তাঁকে। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে খেতাব আগলে তারই জবাব দেওয়ার সুযোগ রয়েছে গুকেশের সামনে। লড়াইটা অবশ্য সহজ নয়। গত কয়েক বছরে চমকপ্রদ উত্থান ঘটেছে সিনডারোভের। ধারাবাহিক সাফল্যের সুবাদে তাঁর রেটিং পয়েন্ট এখন ২৭৮২। বিশ্ব র্যাংকিংয়ে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। স্বাভাবিকভাবে ফেভারিট হিসাবেই অভিযান শুরু করবেন উজবেকিস্তানের দাবাড়ু।



