Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃষ্টিতে বেহাল রাস্তা, ক্ষুব্ধ এলাকাবাসী

অম্রুত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার পাইপলাইন বসাতে খুঁড়তে হয়েছে অলিগলির রাস্তা। তাই এখন গোটা রাজপুর সোনারপুর পুরসভা জুড়ে রাস্তাঘাটের হাল খারাপ

বৃষ্টিতে বেহাল রাস্তা, ক্ষুব্ধ এলাকাবাসী
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অম্রুত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার পাইপলাইন বসাতে খুঁড়তে হয়েছে অলিগলির রাস্তা। তাই এখন গোটা রাজপুর সোনারপুর পুরসভা জুড়ে রাস্তাঘাটের হাল খারাপ। কিন্তু ভোট এসে গেলেও এখনও সর্বত্র রাস্তা সংস্কারের কাজ শেষ না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের মধ্যে। বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় যাতায়াত করতে নাজেহাল অবস্থা হচ্ছে তাঁদের।

Advertisement

এদিকে মঙ্গলবার ভোররাতের বৃষ্টির কারণে একাধিক রাস্তায় কাদা মাখামাখি অবস্থা। তার উপর দিয়ে হাঁটাচলা করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে স্থানীয় বাসিন্দাদের। কবে শেষ হবে রাস্তার কাজ, এখন সেটাই প্রশ্ন তাঁদের। যদিও পুরসভার চেয়ারম্যান পল্লব দাস বলেন, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কাজ শুরু হয়ে গিয়েছে। দ্রুত পুরো এলাকার বেশিরভাগ রাস্তার সংস্কার সম্পূর্ণ হয়ে যাবে। এদিন সকালে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ১৫ নম্বর ওয়ার্ডের চণ্ডীতলা এলাকার মানুষজন। সেখানে গিয়ে দেখা গেল, গোটা রাস্তায় মাটির প্রলেপ। বাইক নিয়ে চলাচল করতে গেলে চাকা পিছলে যাচ্ছে। সাধারণ মানুষ পা টিপে টিপে হাঁটছে। সেখানকার হাড়িঝি চণ্ডীমন্দিরে আসতে গিয়ে কালঘাম ছুটেছে ভক্তদের। ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। এছাড়াও পুরসভার আরও কিছু এলাকায় এখন এমনই দশা বলে জানা গিয়েছে। তবে রাস্তার এই সমস্যার কথা মেনে নিচ্ছেন পুর অফিসাররা। বাসিন্দাদের আরও কিছুদিন ধৈর্য ধরার আবেদন করেছেন তাঁরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ