নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সবে সুখবর মিলেছে, আর তাতেই একেবারে বাড়ি বয়ে হাজির স্বয়ং কার্তিক! হাতে বিরাট লম্বা এক মেনু, যাতে রয়েছে হরেক রকমের আবদার। কিন্তু বিয়ে তো দূর, সবে আশীর্বাদ হয়েছে আর তাতেই এ কী কাণ্ড! সমাজমাধ্যমে পোস্ট করে দেবাংশু লেখেন, ‘সকালে উঠে দেখি সদর দরজায় কেউ তাঁকে রেখে দিয়ে গিয়েছেন! আমি এখনও বিবাহিত নই, কেবল পারিবারিক আশীর্বাদ পর্ব হয়েছে! তাই এত উত্তেজিত হবেন না প্লিজ!’
একা কার্তিক বাবাজি নন, সঙ্গে নিয়ে এসেছেন তাঁর সাধের খাবারদাবারের এক বিরাট লম্বা তালিকা। আবদারের সেই মেনুতে রয়েছে— ফিশ ফ্রাই/কাবাব, ফ্রায়েড রাইস/বাসন্তী পোলাও, কাতলা কালিয়া, চিকেন বা মাটন কষা, টমেটোর চাটনি, পাঁপড়, মাখা সন্দেশ, রসগোল্লা, মিষ্টি দই, পান।
তবে এখানেই শেষ নয়! চিরকুটে আরও লেখা রয়েছে, ‘জানি তুমি প্রচণ্ড কিপটে। তাই বলে কার্তিক ঠাকুরের নির্দেশ অমান্য করার চেষ্টা কোরো না যেন!’
গত সোমবারই নিজের ফেসবুকে সম্পর্কের আপডেট দিয়েছিলেন তিনি। আর তাতেই চাউর হয় দেবাংশুর আশীর্বাদের খবর। সেই সুখবরের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সোজা বাড়িতে হাজির ‘ছেলে’! শুধু দেবাংশু নন, বিয়ের আগে কার্তিকের আগমন হয়েছে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তুভ বাগচীর বাড়িতেও।



