নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রক্ষকই ভক্ষক। এবার খোদ পুলিশ আধিকারিকই ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন। ওই পুলিশকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে।
জানা গিয়েছে, ধৃত পুলিশ আধিকারিক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে ছিলেন। তার বয়স ৫১ বছর। চন্দ্রকোনা থানায় দায়ের হওয়া একটি ফৌজদারি মামলার তদন্তকারী আধিকারিক ছিল ওই এএসআই। অভিযোগ, সেই মামলার সূত্রেই অভিযোগকারীর কাছ থেকে চার হাজার টাকা ঘুষ চেয়েছিলেন সে। বাধ্য হয়ে তিনি রাজ্য দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরই ওই পুলিশ আধিকারিককে ধরার জন্য ফাঁদ পাতে এসিবি। পরিকল্পনা অনুযায়ী ঘুষের টাকা নেওয়ার সময়ই হাতেনাতে পাকড়াও করে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত ওই পুলিশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই পুলিশ আধিকারিকের পাশপাশি তার ভগ্নিপতিও এই ঘটনায় জড়িত আছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে অস্বস্তিতে পুলিশ মহল। এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা।



