নিজস্ব প্রতিনিধি, ১৭ নভেম্বর: হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকন্যাকে খুন ও ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট। ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের পর এই প্রথম কোনো ধর্ষণ-খুন মামলায় হাইকোর্ট অভিযুক্তকে ফাঁসির সাজা দিল।
এর আগে নিম্ন আদালত অভিযুক্তের বিরুদ্ধে ফাঁসির সাজা শুনিয়েছিল। সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্ত। আজ, মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ ফাঁসির সাজা বহাল রাখে। তবে সুপ্রিম কোর্টে আবেদনের জন্য অভিযুক্তকে তিন মাস সময় দিয়েছে আদালত। ততদিন সাজা কার্যকর করা যাবে না।
২০২৪ সালের ২৪ নভেম্বর পাঁচ বছরের শিশুকন্যা একাই বাড়ির কাছে একটি দোকানে গিয়েছিল। ফেরার সময় প্রতিবেশী অশোক সিং তাকে ঘরে ডেকে এনে ধর্ষণ ও খুন করে বলে অভিযোগ। মেয়ে ঘরে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। পরে অশোকের বাড়ি থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এই ঘটনায় হুগলির পকসো আদালত ২০২৫ সালে মূল অভিযুক্ত অশোক সিংকে মৃত্যুদণ্ড দেয়। এরপর ফের এই মামলা কলকাতা হাইকোর্টে আসে। এক বছরের বেশি সময় ধরে এই মামলা শোনে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।



