Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

নানা রঙে ঋতু

ঋতুর কোনো বদল নেই। এই ঋতু, অর্থাৎ নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। কেরিয়ারের দীর্ঘ পথ পেরিয়েও তিনি প্রাণচঞ্চল, সজীব। সেদিন ‘চতুষ্পর্ণী’র ফ্যাশন শ্যুটে ঋতুপর্ণা হাজির।

নানা রঙে ঋতু
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ঋতুর কোনো বদল নেই। এই ঋতু, অর্থাৎ নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। কেরিয়ারের দীর্ঘ পথ পেরিয়েও তিনি প্রাণচঞ্চল, সজীব। সেদিন ‘চতুষ্পর্ণী’র ফ্যাশন শ্যুটে ঋতুপর্ণা হাজির। অথচ কাজ শুরু করা যাচ্ছে না। কারণ প্রবল বৃষ্টিতে বানভাসি কলকাতা। তাই আউটডোরে ছবি তোলার পরিকল্পনা বাতিল করতে হল। শাড়ি ঋতুপর্ণার সবসময় পছন্দের তালিকার শীর্ষে থাকে। লেমন গ্রিন বডির সিল্ক শাড়িটি বেছে নিলেন প্রথমে। গঙ্গা-যমুনা পাড় এই শাড়ির বিশেষত্ব। ডার্ক পার্পল আঁচলে রয়েছে সম্বলপুরি নকশা। ঝোলা দুল এবং নানা রঙের চুড়ি পরেছিলেন নায়িকা। খোলা চুলের স্টাইলিংয়ে সেজেছিলেন। পুজো আসছে। এমন একটি শাড়ি সংগ্রহে থাকলে পুজোর সন্ধে জমে যাবে। ঋতুপর্ণার পছন্দের দ্বিতীয় পোশাকটি সালোয়ার স্যুট। কাটওয়ার্ক, সুতোর নকশাদার ফুল, হাতায় লেসের ডিজাইন বেশ অন্যরকম। কর্পোরেট মিটিং হোক বা কোনো অনুষ্ঠান, ক্যাজুয়াল পোশাকে সাজতে চাইলে এই ধরনের স্যুট ট্রাই করতে পারেন। এক হাতে চুড়ি, অন্য হাতে ঘড়িতে স্মার্ট লুক তৈরি করেছিলেন নায়িকা। চরিত্রের প্রয়োজনে নানা ধরনের লুক তৈরি করেন ঋতুপর্ণা। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘নেভারমাইন্ড’। সেই ছবির চরিত্র খুব ছিমছাম সাজে। ব্যক্তি ঋতুপর্ণার কী পছন্দ? একগাল হেসে জানালেন, সুযোগ পেলে শাড়িই পরতেন সবসময়। তবে ইন্দো-ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন সবেতেই তিনি সমান স্বচ্ছন্দ। কোন জায়গায় যাবেন, তার উপর নির্ভর করে পোশাক নির্বাচন করেন।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য  

Advertisement
সম্পর্কিত সংবাদ