শ্রীকান্ত পড়্যা, কোলাঘাট: কলকাতায় রিং রোড ও চারতলা এলিভেটেড করিডর তৈরির ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি। বৃহস্পতিবার কোলাঘাটে প্রায় এক লক্ষ কোটির প্রজেক্ট ঘোষণার সময়ই তিনি বলেন, ‘আমরা কলকাতার উন্নয়ন করতে চাই। ২৫০ কিমির রিং রোডের জন্য ১৪ হাজার কোটি টাকার অনুমোদন দিচ্ছি। পুনে, চেন্নাইয়ে একটি পিলারের উপর চারতলার পথ বানাচ্ছি। কলকাতাতেও তেমন সড়ক-সেতু বানাতে চাই। নীচে রাস্তা, তার উপর ফ্লাইওভার, তার উপর মেট্রো। এতে টাকা বাঁচবে, মেট্রোও তৈরি হবে। ট্রাফিক জ্যাম ও দূষণ থেকে মুক্তি মিলবে। আন্তর্জাতিক এজেন্সিকে দিয়ে ডিপিআর করুন।’ পাশাপাশি তিনি বলেন, ‘কলকাতার সঙ্গে শহরতলি ও জেলাগুলি জুড়ে যাবে। কোনা এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে যুক্ত হবে। দীর্ঘ দূরত্বের যাত্রার জন্য বিকল্প রাস্তা খুলবে।’
রাজ্যে জাতীয় সড়কের ২০টি প্রকল্পের শিলান্যাস ও দু’টি প্রকল্পের উদ্বোধন করেন গাদকারি। আত্মবিশ্বাসের সুর চড়িয়ে মোদি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বলেন, ‘বাংলার উন্নয়নের জন্য যত টাকা লাগবে দেব। রাজ্য টাকা চাইতে চাইতে হাঁপিয়ে যেতে পারে, কিন্তু আমি দিতে দিতে হাঁপাব না। আমি সেই নেতাদের মধ্যে নই, যাঁরা ঘোষণা করে চলে যান। যে কথা বলব, তা ডঙ্কা বাজিয়ে করে দেখাব। পাঁচ বছরের মধ্যে এরাজ্যের জাতীয় সড়ক আমেরিকার সমান হবে। তার সঙ্গে শিল্প, ব্যবসা, বাণিজ্য বাড়বে। যুবসমাজ কর্মসংস্থান পাবে।’ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর কাছে বেশ কয়েকটি মেগা প্রজেক্ট বাস্তবায়নের আরজি রাখেন। সভাতেই মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সবকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা ঘোষণা করে দেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই সঙ্গে বলেন, ‘একদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলার সরকার এবং অপরদিকে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকার—এই ডবল ইঞ্জিনে বাংলার উন্নয়ন দ্রুত এগিয়ে যাবে। ছ’মাস পর যখন আসব, ততদিনে সব কাজ শুরু হয়ে যাবে। আপনারা জমি অধিগ্রহণ ও বনদপ্তর, পরিবেশ দপ্তরের এনওসি করে দিন। জবরদখল হলে সরান।’
এদিন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ রাস্তা সম্প্রসারণের কথা উঠে আসে। তার মধ্যে উল্লেখযোগ্য, খড়্গপুর-মোড়গ্রাম ফোর লেন গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। তার কাজ শুরু হয়ে গিয়েছে। খরচ হবে ১০ হাজার কোটি টাকা। এছাড়া ৭৫ হাজার কোটি টাকা ব্যয়ে বারাণসী থেকে কলকাতা পর্যন্ত ৮২০ কিলোমিটার ছয় লেন এক্সপ্রেসওয়ে হবে। আগামী দিনে ২৬ হাজার কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত ৪০০ কিমি চার লেনের হাইস্পিড করিডর তৈরির পরিকল্পনাও রয়েছে। ছ’হাজার কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ৭৭ কিলোমিটার দুই লেনের পেভার ব্লকের গ্রিনফিল্ড মার্গ তৈরির ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী।
এদিন গাদকারি বলেন, গঙ্গাসাগরকে যুক্ত করার জন্য স্পেশাল রোড জুড়ে দেব। তাতে পুণ্যার্থীদের কোনো সমস্যা হবে না। আট হাজার কোটি ব্যয়ে বারাসত থেকে পেট্রাপোল ৭৫ কিলোমিটার সড়ক ফোর লেন করা হবে। এক হাজার কোটি টাকায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ছ’লেনের এলিভেটেড রোড তৈরির অনুমোদন দিলাম।



