বলরাম দত্তবণিক, রামপুরহাট: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। মাড়গ্রাম থানার অন্তর্গত জোঘার সন্তোষপুর গ্রামের কয়েকশো বছরের প্রাচীন যোগাদ্যামাতা মন্দির এবং সংলগ্ন বিশাল পদ্মদিঘি তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ(টিআরডিএ)-এর অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি টিআরডিএর বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য তা পুর ও নগরোন্নয়ন দপ্তরে পাঠানো হচ্ছে। এই খবরে খুশির হাওয়া মন্দির কমিটি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
জোঘার সন্তোষপুর গ্রামের এই মন্দিরটি ভক্তদের কাছে অত্যন্ত জাগ্রত তীর্থস্থান হিসেবে পরিচিত। মন্দিরে মায়ের প্রাচীন শিলামূর্তি রয়েছে এবং প্রতিদিন নিষ্ঠার সঙ্গে নিত্যসেবা হয়। মূল মন্দির ছাড়াও প্রাঙ্গণে শিবমন্দির, রথবাড়ি সহ আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে। দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত সারা বছর এখানে পুজো দিতে আসেন। বছরে দু’বার মন্দির প্রাঙ্গণে বিশাল মেলা বসে। পৌষ মাসজুড়ে বহু মানুষ এখানে পিকনিক করতে ভিড় জমান।
মন্দিরের পাশেই রয়েছে প্রায় ৩৫বিঘা জায়গাজুড়ে বিস্তৃত প্রাচীন পদ্মদিঘি। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, কয়েক শতাব্দীপ্রাচীন এই দিঘির জল প্রচণ্ড খরাতেও কোনোদিন শুকিয়ে যায়নি। শীতকালে পরিযায়ী পাখির দল এই দিঘিতে ভিড় জমায়। দিঘির জলে অসংখ্য মাছ ও কচ্ছপ রয়েছে। মন্দির চত্বর অত্যন্ত পবিত্র বলে মনে করেন এলাকার বাসিন্দারা। মন্দির কমিটির অন্যতম সদস্য অমল মণ্ডল জানান, এই দিঘির জলের নীচে মায়ের আরও একটি প্রাচীন মন্দির রয়েছে। বহু বছর আগে একবার জল কমে গেলে সেই মন্দিরের ভগ্নাংশ দেখা গিয়েছিল। শোনা যায়, নাটোরের রানি একসময় এই দিঘি সংস্কার করে চারদিকে চারটি বাঁধানো ঘাট নির্মাণ করেছিলেন, যার ভগ্নাংশ আজও চোখে পড়ে। তিনি আরও জানান, এখনও পর্যন্ত চারবার মন্দিরের সংস্কার হলেও মন্দির সংলগ্ন বেশ কিছু জায়গা বেদখল হয়ে গিয়েছে। আগেও টিআরডিএর অন্তর্ভুক্তির আবেদন জানানো হয়েছিল, এবার বর্তমান বোর্ড সেই প্রস্তাব গ্রহণ করায় মন্দির ও দিঘির সার্বিক উন্নয়ন হবে।
তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অন্যতম সদস্য তথা মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় বলেন, টিআরডিএর বৈঠকে এই প্রাচীন মন্দির ও দিঘিকে পর্ষদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব গৃহীত হয়েছে। অনুমোদনের জন্য দপ্তরে পাঠানো হচ্ছে। খুব শীঘ্রই অনুমোদন মিলবে এবং ব্যাপক সৌন্দর্যায়নের কাজ শুরু হবে। এর ফলে তীর্থযাত্রী ও পর্যটকদের কাছে এই স্থান আরও আকর্ষণীয় হয়ে উঠবে। মাড়গ্রামের জোঘার সন্তোষপুর গ্রামের প্রাচীন যোগাদ্যামাতা মায়ের মন্দির। নিজস্ব চিত্র



