রবীন্দ্রনাথই বন্দনাদেবীর জীবনীশক্তি, অস্ত্রোপচারের টেবিলেও তাঁর কবিতা
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: ‘বিপদে আমি না যেন করি ভয়।’ অস্ত্রোপচারের টেবিলেও সত্তরোর্ধ্ব বন্দনা পাহাড়ীরভরসা রবি ঠাকুর। অস্ত্রোপচার চলাকালীন রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করে চিকিৎসক ও নার্স দিদিদেরও মুগ্ধ করলেন সবংয়ের নিমকি মোহাড়ের বাসিন্দা বন্দনাদেবী। গত সপ্তাহে এই সুন্দর ঘটনাটি ঘটে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে। একটি দুর্ঘটনায় হাত ভেঙে গিয়েছিল বন্দনাদেবীর। হাত ও কাঁধের জয়েন্টের জটিল অস্ত্রোপচার করেন অর্থোপেডিক চিকিৎসক তিমিরবরণ পাল। মঙ্গলবার তিনি বলেন, সেদিনের কথা মনে করলেই, একরাশ ভালোলাগা ঘিরে রয়েছে এখনও। অস্ত্রোপচারে ভয় না পেয়ে উনি একের পর এক রবি ঠাকুরের কবিতা উচ্চারণ করে যান। মাতৃসমা বন্দনাদেবীর আবৃত্তির জাদুতে জটিল অস্ত্রোপচারও যেন সহজ হয়ে যায় আমাদের কাছে। আর বন্দনাদেবী বলেন, গত কয়েক বছর ধরে রবি ঠাকুরের সঞ্চয়িতাই তাঁরজীবনীশক্তির অন্যতম রসদ!

Advertisement

পরিবার সূত্রে জানা যায়, গত সপ্তাহে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়েন বন্দনাদেবী। একটি বাইকের ধাক্কায় পড়ে যান তিনি। হাত ও কাঁধের জয়েন্ট ছিঁড়ে যায়। ওই রাতেই তমলুকের একটি বেসরকারি হাসপাতালে বন্দনাদেবীর জয়েন্টে জটিল অস্ত্রোপচার হয়। বন্দনাদেবীর ছেলে মলয়বাবু এদিন শোনান, ‘এক-দেড় ঘণ্টার জটিল অস্ত্রোপচার হয়। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে চিকিৎসক তিমিরবাবু সহ স্বাস্থ্যকর্মীরা আমাদের বলেন, অস্ত্রোপচার চলাকালীন মা একের পর এক রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আউড়ে যান। এভাবেই কখন যে অস্ত্রোপচার শেষ হয়ে যায়, তা বুঝতেই পারেননি ওঁরা।’ স্থানীয় শিক্ষক ও আবৃত্তিশিল্পী অরিজিৎ দাস অধিকারী বলেন, ‘গত চার বছর ধরে বন্দনাদেবীর বাড়িতেই আমি আবৃত্তির ক্লাস করাতে যাই। উনি ভালোবেসেই প্রতিদিন কচিকাঁচাদের সঙ্গে বসে ক্লাস করেন। এখন ওঁকে প্রণাম করেই আবৃত্তির ক্লাস শুরু করি আমরা।’ শুধু কি তাই! শাশুড়ির আবৃত্তির প্রতি ভালোবাসা দেখে বউমা ছন্দা পাহাড়ীও এখন নিয়মিত আবৃত্তির ক্লাস করেন। কিছুদিন আগে মোহাড়ের একটি অনুষ্ঠান মঞ্চে শাশুড়ি-বউমা যুগলে আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কর্ণ কুন্তী সংবাদ’। মুগ্ধ হয়ে যান এলাকাবাসী। এদিন ছন্দাদেবী বলেন, ‘বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাই আমার শাশুড়ির জীবন। বছরখানেক আগে শ্বশুরমশাই মারা যাওয়ার পর সঞ্চয়িতাকে আরও বেশি করে আঁকড়ে ধরেছেন মা।’ আর বন্দনাদেবীর বার্তা, ‘রবি ঠাকুরের কবিতাই আমার ভালোবাসা। বেঁচে থাকার অনুপ্রেরণা। সবাইকে এটাই বলব, ভালোবেসে বাঁচুন। আর যেটা ভালো লাগে, সেটাকেই আঁকড়ে ধরুন।’-নিজস্ব চিত্র