সংবাদদতা, বোলপুর: বিশ্বভারতীর অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের সাসপেনশন নিয়ে বিতর্ক চলছে। এবার তাঁর পাশে দাঁড়াল দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক সংগঠন ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন। বুধবার ফেডারেশন অব সেন্ট্রাল ইউনিভার্সিটিজ টিচার্স অ্যাসোসিয়েশন লিখিত বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনও তাঁর সাসপেনশন প্রত্যাহারের দাবি তুলেছে। এর আগে বিশ্বভারতীর শিক্ষক সমিতি এবং অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন প্রতিবাদ জানিয়েছিল। যদিও এবিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ কোনো মন্তব্য করতে চাননি।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির ওই শিক্ষক সংগঠন বিবৃতিতে জানিয়েছে, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে। জুলাই মাসে একটি কমিটির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই ইস্তফা গ্রহণও করেছিল। পরে পদত্যাগপত্রের প্রতিলিপি ই-মেলে কয়েকজন সদস্যকে পাঠানোর ঘটনাকে অসৎ আচরণ হিসেবে দেখানো হয়েছে বলে দাবি সংগঠনের। অথচ কোনো নির্দিষ্ট নিয়ম ভাঙার অভিযোগে তাঁকে শোকজ করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি। তাছাড়া, তদন্ত চলাকালীন অধ্যাপককে সাসপেন্ড রাখার প্রয়োজনীয়তা কী সেটাও ব্যাখ্যা করেনি কর্তৃপক্ষ। সংগঠনের সভাপতি সৈয়দআখতার হুসেন ও সম্পাদক বিমলেন্দু তীর্থঙ্কর অবিলম্বে সাসপেনশন প্রত্যাহার এবং অধ্যাপকের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক সংগঠনের সভাপতি পার্থপ্রতিম রায়ের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের বিরোধী। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মুক্তচিন্তা, স্বাধীনভাবে পড়াশোনা এবং গবেষণার পরিবেশের পক্ষেও তা ক্ষতিকর। অবিলম্বে সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।
প্রসঙ্গত, গত ১৭নভেম্বর বিশ্বভারতী কর্তৃপক্ষ অর্থনীতি বিভাগের সিনিয়র অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করে। কারণ দর্শানোর নোটিসের জবাব সন্তোষজনক নয় বলে জানিয়ে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই তদন্ত চলাকালীন তাঁকে সাসপেন্ড রাখা হয়েছে। বিশ্বভারতীর শিক্ষক সমিতির অভিযোগ, ভিন্নমত পোষণকারী শিক্ষকদের চাপে রাখতেই এই পদক্ষেপ।



