স্যালারি অ্যাকাউন্ট হয়ে গেল জয়েন্ট! দু’কোটির লোন তুলল প্রতারকরা
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: রেলকর্মীর নামে দুই কোটি টাকার ওপর লোন! শুধু তাই নয়, স্যালারি অ্যাকাউন্ট হয়ে গিয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট। মাসের পর মাস বেতনের টাকা কেটে নেওয়া হচ্ছে। এমন অবস্থায় দিশাহারা হয়ে পড়েছেন ওই রেলকর্মী। কিছুদিন আগে ময়নাগুড়ি থানার সাইবার সহায়তা কেন্দ্রে রেলকর্মীর ছেলে লিখিত অভিযোগ দায়ের করে যান। তদন্ত কতদূর এগলো তা জানতে বৃহস্পতিবার ফের ময়নাগুড়ি থানায় আসেন রেলকর্মীর পরিবারের সদস্যরা। যদিও পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। 

Advertisement

বিহারের বাসিন্দা সুনীলকুমার মণ্ডল রেলের গ্রুপ-ডি কর্মী। তার পোস্টিং ময়নাগুড়ি রোড স্টেশনে। তার অভিযোগ, অনুমতি ছাড়াই তার স্যালারি অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে। যার নাম ওই অ্যাকাউন্টে আছে, তাকে তিনি চেনেন না। তার নামে দুই কোটি টাকার ওপরে লোন দেখানো হয়েছে। এখন তার ওই অ্যাকাউন্ট থেকে লোন বাবদ টাকা কেটে নেওয়া হচ্ছে। 
সুনীলবাবুর ছেলে বিট্টু বলেন, বাবার বেতনের টাকা নিয়মিত কেটে নেওয়া হচ্ছে। বাবা যে বেতন পান, তাতে দু’কোটি টাকার লোন কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। আমরা প্রশাসনের কাছে উপযুক্ত তদন্তের আশা রাখছি। বাবার স্যালারি অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর পাঁচ-ছয় জনের নামে লোন তোলা হয়েছে। সেখানে বাবার অনুমতি না নিয়ে তাকে লোনের গ্যারেন্টার করে দেওয়া হয়েছে। এমন ভূতুড়ে কাণ্ড নিয়ে বাবার অ্যাকাউন্ট থাকা সংশ্লিষ্ট ব্যাংকের আলিপুরদুয়ার শাখায় যোগাযোগ করা হলে তাদের দিক থেকে কোনোরকম সহযোগিতা পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি। বাবা সাইবার প্রতারণার শিকার হয়েছেন। 
ময়নাগুড়ি সাইবার সহায়তা কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন লিখিত অভিযোগ আগেই জমা পড়েছে। ঘটনার তদন্তও শুরু করা হয়েছে।