Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দেবের আর্জি

বাংলা ছবির হল মালিকদের সমস্যা ও সমাধান নিয়ে মিটিং হল ইম্পাতে। শুক্রবার সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন অভিনেতা-সাংসদ দেব।

দেবের আর্জি
  • ১৮ জানুয়ারি, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

• বাংলা ছবির হল মালিকদের সমস্যা ও সমাধান নিয়ে মিটিং হল ইম্পাতে। শুক্রবার সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন অভিনেতা-সাংসদ দেব। সম্প্রতি দেবের সঙ্গে স্ক্রিনিং কমিটির মতানৈক্যের খবর সামনে এসেছিল। স্ক্রিনিং কমিটির প্রস্তাবিত ক্যালেন্ডার নিয়ে দ্বিমত প্রকাশ করেছিলেন তিনি। ফলে এদিনের বৈঠকে দেব আসবেন কি না, তা নিয়ে সংশয় ছিল।

Advertisement

যদিও যাবতীয় সংশয় দূর করে মিটিংয়ে আসেন দেব। বৈঠক শেষের কিছু আগেই বেরিয়ে যান। বেরনোর সময় সংবাদমাধ্যমকে বলেন, ‘বাংলা ছবির ক্যালেন্ডার স্ক্রিনিং কমিটি ঠিক করবে। দেবের ক্যালেন্ডার দেব জানিয়ে দিয়েছে।’ অর্থাৎ চলতি বছর দুর্গাপুজোতে তাঁর ছবি মুক্তি পাবে, তা সাফ জানিয়ে দিয়েছেন অভিনেতা। এই ছবির হাত ধরেই ফের বড়পর্দায় জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। টলিউডের অন্দরে খবর, ছবিতে অভিনয় করতে পারেন অনির্বাণ ভট্টাচার্য। সে প্রসঙ্গে দেব বলেন, ‘অনির্বাণকে নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ওর সঙ্গে কাজ করতে পারলে ভালোই হবে।’ পাশাপাশি তাঁর আর্জি, ‘আমি বুঝি একজন টেকনিশিয়ানের কাজ না থাকলে কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। অনির্বাণের মতো একজন ভালো অভিনেতার বেশ কয়েক মাস ধরে কাজ নেই। সাংসদ-অভিনেতা হিসেবে আমি ক্ষমা চাইছি। ও কাজ পাক, এটাই চাই।’ তাহলে দেব-শুভশ্রীর সপ্তম ছবিতে আর কে থাকছেন? অভিনেতার ইঙ্গিত, ‘বুম্বাদার (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) সঙ্গে আলোচনা হয়েছে। দাদা এখনও কিছু জানাননি।’ এদিনের মিটিংয়ে ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, প্রযোজক নিসপাল সিং রানে, ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত, প্রযোজক রানা সরকার প্রমুখ।

পূর্বাশা দাস

Advertisement
সম্পর্কিত সংবাদ