‘২০০ শ্যুটার রেডি’, অমিতাভকে খুনের হুমকি গোল্ডি ধিলোঁর
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: বাবা সিদ্দিকিকে খুন। সলমনের ফ্ল্যাটের বাইরে গুলি। আক্রান্ত টাইগার শ্রফ। পরপর এই ঘটনায় আতঙ্কে সিনেদুনিয়া। বলিউডের নক্ষত্রখচিত আকাশে ঘুরপাক খাচ্ছে প্রশ্ন—নয়ের দশকের সেই কালো দিন কি ফিরছে? ‘রাজত্ব’ কায়েমের লক্ষ্যে দাউদ ইব্রাহিমদের দেখানো পথেই পা বাড়াচ্ছেন লরেন্স বিষ্ণোই, গোল্ডি ধিলোঁরা? কারণ, এখন নিশানায় স্বয়ং অমিতাভ বচ্চন। এক মাসে তিনবার অমিতাভের বাংলো ‘জলসা’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল এসেছে। আর এবার সরাসরি গুলি করে খুনের হুঁশিয়ারি। শাহেনশাকে খুনের হুমকি দিয়ে গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর ফেসবুক পোস্ট, ‘২০০ শ্যুটার মুম্বইয়ে সক্রিয় রয়েছে। বুলেট প্রুফ কাচের আড়ালে লুকিয়েও বাঁচতে পারবেন না।’ 

Advertisement

গত ১৩ নভেম্বর দিল্লি পুলিশের স্পেশাল টিম দুই শ্যুটারকে গ্রেপ্তার করে। বিকাশ সিং ওরফে ভিকি এবং দীপক সিং ওরফে দীপ। বিকাশ জলন্ধরের বাসিন্দা, দীপকের বাড়ি তরণতারণে। দু’জনেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। পুলিশি তদন্তেই উঠে এসেছে বিস্ফোরক তথ্য—দিল্লির এক ব্যবসায়ীর পাশাপাশি এই শ্যুটারদের টার্গেট ছিল বিগ বি’ও। প্ল্যান ছিল, বিকাশকে দিল্লি থেকে মুম্বই পাঠানোর। সেখানে যোগ দিত দীপক। তারপর? তদন্তকারী অফিসারদের দাবি, ‘মিশন অমিতাভ’। তাই কি দুই শ্যুটারের গ্রেপ্তারির ঠিক পর সমাজ মাধ্যমে অমিতাভ বচ্চনের ইঙ্গিতবাহী পোস্ট—‘বঁচ গয়ে’! বিগ বি যে নিশানায় রয়েছে, তা অনুগামী ও ভক্তরা বুঝতে বাকি রাখেনি। কারণ, বুলেটপ্রুফ জ্যাকেট পরে, অভেদ্য কাচের আড়ালে দাঁড়িয়ে সমর্থকদের তাঁর হাত নাড়ানোর দৃশ্য। সেটা ছিল ১ নভেম্বর। অর্থাৎ, খবর তাঁর কাছেও ছিল। আর ছিল হুমকি। ২৩ অক্টোবর মুম্বইয়ের মেয়র রীতু তাওড়ের অফিসের পাশাপাশি ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। ৬ নভেম্বর বোমা হামলার হুমকি মেল। এবং ১২ নভেম্বর আরও একবার। তার ঠিক একদিন পর গ্রেপ্তার করা হয় বিকাশ ও দীপককে। সোমবার ফেসবুকে গোল্ডি ধিলোঁ কিন্তু লিখেছে, ‘বিকাশ ও দীপকের গ্রেপ্তারি প্ল্যানিংয়ে কোনো প্রভাব ফেলবে না। যারা শিখদের অপমান করেছে, তারা শত্রু। রেয়াত করা হবে না। বুলেটপ্রুফ কাচের আড়ালেও তাঁরা নিরাপদ নয়।’
কে এই গোল্ডি ধিলোঁ? আসল নাম গুরপ্রীত সিং। কুখ্যাত গ্যাংস্টার সতীন্দরজিৎ সিং ওরফের গোল্ডি ব্রারের ঘনিষ্ঠ সহযোগী সে। মাদক ব্যবসা থেকে বেআইনি অস্ত্র, তোলাবাজি থেকে খুন, পাঞ্জাব ও উত্তর ভারতের বিস্তীর্ণ অংশজুড়ে সংগঠিত অপরাধের অন্যতম মাথা। কমেডিয়ান কপিল শর্মার কাফের বাইরে গুলি চালানো, নেটপ্রভাবী ম্যাড সান্ধুকে খুনের ঘটনাতেও নাম রয়েছে গোল্ডির। আরও একাধিক খুনে মূল অভিযুক্ত সে। ২০২২ সালেই ভারত ছেড়েছে এই গ্যাংস্টার। সূত্রের খবর, ইউরোপ থেকেই নিজের নেটওয়ার্ক চালাচ্ছিল। জুলাই মাসে স্পেনে গ্রেপ্তার হয়। জেলযাত্রার পরও যে এই গ্যাংস্টারের দাপট এতটুকু কমেনি, তার প্রমাণ মিলল সোমবার। পাশাপাশি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের ছেয়ে গেল সন্ত্রাসের কালো মেঘ। সম্প্রতি একাধিক অভিনেতার উপর হামলায় একটা বিষয় কিন্তু ‘কমন’—ভিন রাজ্য থেকে মুম্বইয়ে এসে অপরাধের প্রবণতা। ঘটনার আগে রীতিমতো রেকি করা। অপরাধ করে উধাও হয়ে যাওয়ার চেষ্টা। প্রশ্ন উঠছে, এতকিছুর পরও কেন তা নজরে পড়ছে না পুলিশ-প্রশাসনের? অমিতাভ, সলমন, বাবা সিদ্দিকিদের মতো হাইপ্রোফাইল ব্যক্তিদের নিরাপত্তাতেই যদি গলদ থেকে যায়, তবে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? কাঠগড়ায় দেবেন্দ্র ফড়নবিশের সরকার।