নয়াদিল্লি: ‘জ্ঞানেশ কুমার রেহাই পাবেন না!’ ‘ভোট চুরি’র অভিযোগ তুলে লাগাতার হুঁশিয়ারি দিচ্ছেন রাহুল গান্ধী। সঙ্গে তামাম ‘ইন্ডিয়া’ নেতৃত্ব। সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছে। এসআইআর নিয়ে ওঠা যাবতীয় অভিযোগ নস্যাৎ করতে দেশের প্রধান বিচারপতির বেঞ্চে হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন। তাতেই ফের জ্বলে উঠেছে বিরোধী মহাজোট। আর হুঁশিয়ারি নয়, এবার জ্ঞানেশ কুমারদের সরাসরি জিজ্ঞাসাবাদ করতে চান রাহুল গান্ধীরা। প্রশ্নমালাও তৈরি। মোট ৪৮টি প্রশ্ন। জবাব দিতে হবে মুখ্য নির্বাচন কমিশনার, দুই নির্বাচন কমিশনার, ডেপুটি নির্বাচন কমিশনার এবং এসআইআর অনিয়মে অভিযুক্ত কমিশনের আইটি বিভাগের ডিজি সীমা খান্নাকে। তাঁদের ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সোমবার সুপ্রিম কোর্টে ওই প্রশ্নমালা সমেত নতুন করে আবেদন জমা দিল মহাজোট ‘ইন্ডিয়া’। আজ, মঙ্গলবার এসআইআরে অনিয়ম সংক্রান্ত একগুচ্ছ আরজির শুনানি রয়েছে শীর্ষ আদালতে। তার আগেই বিরোধীদের এই আবেদনে সাফ জানানো হয়েছে, কমিশনের হলফনামার কোনো সারবত্তা নেই। সেখানে ‘ভোট চুরি’ বা এসআইআরে অনিয়ম সংক্রান্ত একটি প্রশ্নেরও উত্তর দেওয়া হয়নি। এবার স্পষ্ট জবাব দিতে হবে— কার নির্দেশে দেশজুড়ে এসআইআর? কে নিয়েছিলেন সেই সিদ্ধান্ত? ফর্ম ৬-এ পরিবর্তন করার সিদ্ধান্তই বা কার? ঠিক কোন কোন ক্ষেত্রে জ্ঞানেশ কুমারের সঙ্গে বাকি দুই নির্বাচন কমিশনারের মতপার্থক্য ঘটেছিল? এসআইআরের গোড়া থেকেই কমিশনের পোর্টাল ‘ইসিআইনেট’ নিয়ে তরজা জারি। সেটির সঙ্গে ‘ইআরওনেট’-কে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার? জ্ঞানেশ কুমারদের জন্য সেই প্রশ্নও শীর্ষ আদালতের সামনে রাখা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নিয়েই একপাতা জিজ্ঞাস্য রয়েছে ‘ইন্ডিয়া’র সেই হলফনামায়।
এসআইআর নিয়ে কমিশনের অন্দরে মতানৈক্য মাসদুয়েক আগে সামনে এনেছিল সর্বভারতীয় সংবাদপত্র ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’। তারপরই ‘ভোট চুরি’-র অভিযোগে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। ককরোচ জনতা পার্টি থেকে ‘ইন্ডিয়া’ একবাক্যে স্লোগান তোলে—জ্ঞানেশ কুমারের ইস্তফা চাই! যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে কমিশন। গত শনিবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় শুধু জানানো হয়, বর্তমানে যে যে রাজ্যে এসআইআর চলছে সেখানে ইনিউমারেশন ফর্ম পূরণ না করায় খসড়া তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা পুনরায় তা পূরণের সুযোগ পাবেন। বাকি সর্বত্র ফর্ম ৬ জমা দিতে পারবেন ডিলিটেড ভোটাররা। তাঁদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না।
তারপরই আবার তেড়েফুঁড়ে ওঠে মহাজোট ‘ইন্ডিয়া’। শীর্ষ আদালতে জানানো হয় জিজ্ঞাসাবাদের আরজি। বিরোধী নেতৃত্বের প্রশ্ন, দেশজুড়ে এসআইআরের সিদ্ধান্ত কি তিন সদস্যের কমিশন যৌথভাবে নিয়েছিল? ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ২০২৬-এর ২৬ অক্টোবরের মধ্যে বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি কতবার লিখিত আপত্তি জানিয়েছিলেন? ফর্ম ৬, ইসিআইনেট নিয়ে তাঁদের দ্বিমত ছিল? ২০২৫ সালের এক আরটিআই-প্রশ্নের জবাবে এর উত্তর এড়িয়ে গিয়েছিল কমিশন। জ্ঞানেশ কুমারের দপ্তরের বক্তব্য ছিল, এসআইআরে ব্যবহৃত সফটওয়্যারের নাম, ভার্সন ও বিস্তারিত তথ্য দেওয়া যাবে না। কারণ, এটি বাণিজ্যিক গোপনীয়তার বিষয়। এবার সেই বিষয়টিরও জবাব চাওয়া হয়েছে। জানতে চাওয়া হয়েছে, কোনো বেসরকারি সংস্থার কর্মীদের কাছে ভোটার তালিকার তথ্য পরিবর্তন করার সুযোগ ছিল কি না? এর আগে তামিলনাড়ু, কর্ণাটক, এমনকি সদ্য দিল্লিতেও ফর্ম ৭ কাজে লাগিয়ে ভুরি ভুরি নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বুথ লেভেল এজেন্টদের বিরুদ্ধে। সেই বিষয়টি সামনে রেখে ‘ইন্ডিয়া’ নেতৃত্ব জানতে চায়, ইআরও-র আদেশ ছাড়াই কি দফায় দফায় অসংখ্য নাম কাটা হয়েছে?



