নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রায় ছ’ মাস হতে চলল। আর নয়। এই শেষ সুযোগ। আগামী ২৪ নভেম্বরের মধ্যেই তাঁদের অবস্থান স্পষ্ট করে জানাতে হবে বলেই সুদীপ বন্দ্যোপাধ্যায়-কাকলি ঘোষদস্তিদারদের মতো ২০ জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদকে চিঠি দিল লোকসভা সচিবালয়। সুদীপ-কাকলিরা নিজেদের এনসিপিআই (ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া)র সদস্য বলেই দাবি করেছে। কিন্তু তৃণমূলের টিকিটে ভোটে জিতে সাংসদ হয়ে এভাবে নিজেদের ইচ্ছামতো দল পরিবর্তন করা যায় না বলেই দাবি মমতাপন্থী তৃণমূলের। তাই তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কুড়িজনের সাংসদ পদ খারিজের দাবিতে গত গত ১৮ জুন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন করেন। তারই প্রেক্ষিতে সুদীপ-কাকলিদের মতো ২০ জনকে পালটা জবাব দেওয়ার নির্দেশ দেয় লোকসভা সচিবালয়। কিন্তু বেশ কয়েকবার জবাব দেওয়ার সময় চান তাঁরা। শেষে গত ৩ নভেম্বর চিঠি দিয়ে তাঁরা জানান, আগামী তিন সপ্তাহ সময় দেওয়া হোক। সেই আবেদন গ্রহণ করে লোকসভা সচিবালয় গত ১৪ নভেম্বর চিঠি দিয়ে জানিয়ে দেয়, আগামী ২৪ নভেম্বরের মধ্যে অবশ্যই জবাব দিতে হবে। তা নাহলে প্রয়োজনীয় পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।



