নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি কি আজ হবেন নরেন্দ্র মোদি? ম্যানিলায় আয়োজিত চার রাষ্ট্রের কোয়াড গোষ্ঠীর বৈঠকে যোগ দিচ্ছেন মোদি এবং ট্রাম্প। চার রাষ্ট্রপ্রধান বৈঠক করলেও মোদি এবং ট্রাম্পের মধ্যে কোনও দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না, সেই জল্পনা সবথেকে বেশি আগ্রহের সঞ্চার করেছে। যদিও হোয়াইট হাউস জানাচ্ছে, মোদি ও ট্রাম্পের মধ্যে পৃথকভাবে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি নেই। কিন্তু আন্তর্জাতিক সম্মেলন এবং বৈঠক চলাকালীন হঠাৎ কোনো পরিস্থিতির উদ্ভব হলে সেটা ব্যতিক্রম।
কোয়াড গোষ্ঠীর মধ্যে রয়েছে ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া। মূলত দক্ষিণ চীন সাগর সহ দক্ষিণ এশিয়ার সমুদ্র পথের বাণিজ্য, সামরিক কৌশল এবং পণ্য পরিবহণে চীনের আগ্রাসনের মোকবিলায় একটি শক্তিশালী গোষ্ঠী নির্মাণের লক্ষ্যেই এই কোয়াড রাষ্ট্রগোষ্ঠী তৈরি হয়। কিন্তু গত দু’বছর এই গোষ্ঠীর কোনো বৈঠক হয়নি। এবার সেই বৈঠকে হতে চলেছে ফিলিপিন্সের ম্যানিলায়। প্রাথমিকভাবে মনে হয়েছিল, আজ মোদি এবং ট্রাম্পের মধ্যে পৃথক বৈঠক হওয়ার পরই ভারত ও আমেরিকার মধ্যে আটকে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে সিলমোহর পড়বে। কিন্তু পৃথক বৈঠক না হলে ওই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর ও ঘোষণা সম্ভবত ফ্লোরিডা পর্যন্ত স্থগিত থাকবে। কারণ স্থির আছে, আগামী মাসে ফ্লোরিডায় আনুষ্ঠানিকভাবে মোদি ও ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক হবে। জি টুয়েন্টি নেতৃত্বের সম্মেলন হবে ডিসেম্বর মাসে। মোদি যাবেন সেখানে।
অর্থাৎ মোদি ও ট্রাম্প ফ্লোরিডায় যখন জি টুয়েন্টি সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, তখনই ঘোষণা করা হবে যে চুক্তির সব শর্ত দু’দেশই মেনে নিয়েছে এবং চুক্তি স্বাক্ষরিত হচ্ছে শীঘ্রই। নতুন বছর থেকেই ওই চুক্তি বলবৎ হবে। বিদেশমন্ত্রী এস জয়শংকর কোয়াড সম্মেলনের প্রাক্কালে আরও একবার বলেছেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত।
খুব সামান্য কিছু বিষয়ে আলোচনা চলছে। তারপরই বাণিজ্য চুক্তির ঘোষণা হবে।



