নয়াদিল্লি: গোধরা পরবর্তী সংঘর্ষ, গুজরাত হিংসা এবং বিলকিস বানো। প্রত্যেকটি শব্দ একে অপরের সঙ্গে মিলেমিশে গিয়েছে সেই ২০০২ সালে। ধর্ষণ, খুন, নৃশংসতা, বাড়িতে আগুন—এই সবই গুজরাত হিংসার ট্যাগলাইন। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে ধর্ষণ করতে ছাড়েনি উন্মত্ত ‘দুষ্কৃতী’রা। বিলকিসকে ধর্ষণের সঙ্গে তারা খুন করেছিল তাঁর তিন বছরের মেয়ে এবং পরিবারের আরও ছয় সদস্যকে। তদন্ত, ছ’বছরের শুনানি এবং ২০০৮ সালে সাজা। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সেই ১১ জনের মধ্যে দুই মূল আসামির শাস্তিই সোমবার স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। মঞ্জুর হল জামিন।
দাহোড় জেলার দেবগড় বরিয়া গ্রাম। বিলকিস বানোর বয়স তখন ছিল মাত্র ২১ বছর। গণধর্ষণ করা হয়েছিল তাঁকে। আছড়ে মারা হয়েছিল তিন বছরের মেয়েকে। প্রথমে গুজরাত, তারপর মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত। ২০০৮ সালের জানুয়ারি মাসে ১২ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সিবিআই আদালত। তাদের মধ্যে এক আসামির মৃত্যু হয় জেলে। বাকি ১১ জন ওই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়। ২০১৭ সালে বম্বে হাইকোর্ট ১১ জনের যাবজ্জীবন সাজাই বহাল রাখে। এমনকি ২০১৯ সালে সুপ্রিম কোর্টের তরফে গুজরাত সরকারকে নির্দেশ দেওয়া হয়, বিলকিসকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সঙ্গে সরকারি চাকরি ও থাকার জায়গা। তারপরও অবশ্য ২০২২ সালের আগস্ট মাসে ওই ১১ জনকেই মুক্তি দেয় গুজরাত সরকার। তাদের মালা পরিয়ে ‘বীরের সংবর্ধনা’ দিয়ে বরণ করে বিশ্ব হিন্দু পরিষদ সদস্যরা। ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। ফের শিরোনামে আসেন বিলকিস বানো। শেষে ২০২৪ সালে সেই সিদ্ধান্ত রদ করে প্রত্যেক আসামিকে জেলে ফেরার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এবার সেই শীর্ষ আদালতই প্রদীপ রমনলাল মোধিয়া এবং বিপিনচন্দ্র কানহাইয়ালাল যোশির সাজা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চ। ২০১৭ সালের বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে গিয়েছিল তারা। সেই মামলারই শুনানিতে এই রায় দিয়েছে বেঞ্চ। ওই দুই আসামির হয়ে সওয়াল করেন আইনজীবী সিদ্ধার্থ লুথরা। সলিসিটর জেনারেল রাজা থাকরে বিরোধিতা করলেও বেঞ্চ জানিয়ে দেয়, ‘সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর এটাই বলা যেতে পারে, আবেদনকারীরা ১৭ বছরেরও বেশি জেল খেটেছে। একজন শারীরিকভাবে অক্ষম। এই ইস্যুগুলির প্রেক্ষিতে আবেদনকারীদের সাজা স্থগিত ও জামিন মঞ্জুর করা হচ্ছে।’ ২৮ অক্টোবরের সেই নির্দেশই আদালতের পোর্টালে আপলোড করা হয়েছে।
জানা যাচ্ছে, যে দু’জনের জামিন মঞ্জুর করা হল, তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩ (বেআইনিভাবে জড়ো হওয়া), ১৪৭ (দাঙ্গা), ৩০২ (হত্যা) এবং ৩৭৬ (ধর্ষণ) ধারায় অভিযোগ রয়েছে। এই মামলায় অন্য দোষীদের মধ্যে রয়েছে গোবিন্দ নাই, রমেশ চন্দনা, মীতেশ ভাট, বাকাভাই ভোহানিয়া, কেশরভাই ভোহানিয়া, যশবন্ত নাই, রাধেশ্যাম শাহ, রাজুভাই সোনি এবং শৈলেশ ভাট। সুপ্রিম কোর্ট অবশ্য এই রায় প্রদীপ এবং বিপিনচন্দ্রের জন্যই জারি করেছে। বাকি ন’জনের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডে ছেদ এখনও পড়ছে না।



