নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাজ দেওয়ার নাম করে এক যুবতীকে ২০১৬ সালে বেনিয়াপুকুর থানা এলাকার একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। দোষী সাব্যস্ত যুবককে সাত বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। তার নাম চিত্তরঞ্জন পাত্র। বৃহস্পতিবার শিয়ালদহ ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক পর্ণা ভট্টাচার্য এই আদেশ দিয়েছেন। বিচারক এই সাজার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দশ মাস জেল হাজতের নির্দেশ দেন। পাশাপাশি নির্যাতিতাকে এক লক্ষ টাকা দেওয়ার জন্য লিগ্যাল এইড কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি অসীম কুমার সাংবাদিকদের জানান, ২০১৬ সালে ধর্ষণের ঘটনার পর নির্যাতিতা যুবতী পুলিশে অভিযোগ জানান। প্রাথমিক তদন্তের পর পুলিশ গণধর্ষণের মামলা দায়ের করেছিল। কিন্তু গণধর্ষণের অভিযোগ কোর্টে প্রমাণিত না হওয়ায় তিন যুবককে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। শুধুমাত্র চিত্তরঞ্জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে এদিন সাজা ঘোষণা করা হয়।



