রংমিলান্তি
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• সিঁড়ির পাশে লম্বা টেবিলের উপর রাখা থাকত কালো ভারিক্কি চেহারার টেলিফোন। রিসিভার তুলে ওয়ান, টু, থ্রি, ফোর... ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করতে হত। ওপারের মানুষটির সঙ্গে তারপর যোগাযোগ হত। আর ফোন এলে তার রিংটোন শোনা যেত দূর থেকে। কখনো খুশির খবর বয়ে আনত সে। কখনো বা টেলিফোনের গম্ভীর রিং শুনে মনে তৈরি হত অজানা আশঙ্কা...। মোবাইলে অভ্যস্ত প্রজন্ম এই পুরনো ফোনের মায়া জানে না। আর যারা জানে, তাদের কাছে তা নস্টালজিয়া। সেই পুরনো গন্ধকে ধরে রাখা হয়েছে এবারের ফ্যাশনে। বেজরঙা শার্ট এবং ড্রেসের উপর ব্রাউন টোনের টেলিফোন প্রিন্ট। এই ধরনের পোশাক সারা বছর পরতে পারবেন। অভিনেতা জুটি ত্বরিতা চট্টোপাধ্যায় এবং সৌরভ বন্দ্যোপাধ্যায় রং মিলিয়ে পোশাক পরেছেন। ছোটোবেলায় এই ধরনের টেলিফোন বাড়িতে দেখেছেন সৌরভ। তিনি সম্পর্কে তরুণ কুমারের দৌহিত্র। সারাক্ষণ মোবাইলে ব্যস্ত দুনিয়ার কাছে এই ধরনের টেলিফোন যেন মায়া জড়ানো অতীতের কথা বলে। বেজ রঙের শার্ট বেছে নিয়েছেন তিনি। এই রং যে কোনো ঋতুতে মানানসই। ত্বরিতার পরনের ড্রেসও খুব আরামদায়ক। খোলা চুল আর একেবারে হালকা মেকআপ করেছিলেন তিনি। গরম হোক বা বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়া, এই ধরনের লুক তৈরি করলে সব জায়গাতেই হিট। অফিস হোক বা ছোটোখাটো অনুষ্ঠান, এই ধরনের পোশাক পরে যেতে পারেন। যুগলের একই পোশাক পরার ট্রেন্ড অনেকদিন ধরেই ফ্যাশনে গুরুত্ব পাচ্ছে। আপনিও এবার সেই ছন্দে গা ভাসাতে পারেন। পছন্দের রঙে সাজিয়ে তুলুন নিজেদের।

Advertisement