


মুম্বই: এক বিরল মুহূর্তের সাক্ষী হতে চলেছে মহারাষ্ট্রের রাজনীতি। প্রায় দু’দশক পর ফের এক মঞ্চে আসতে চলেছেন দুই ভাই— রাজ ও উদ্ধব থ্যাকারে। রাজ্যের স্কুল পাঠ্যক্রমে হিন্দিকে বাধ্যতামূলক করার বিরোধিতায় একসঙ্গে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা।
জাতীয় শিক্ষানীতি-২০২০ অনুসারে গত এপ্রিলে মহারাষ্ট্রের মারাঠি এবং ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হিন্দিকে বাধ্যতামূলকভাবে তৃতীয় ভাষা হিসেবে ঘোষণা করেছিল মহারাষ্ট্র সরকার। যা নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্যে। বিতর্কের জেরে আপাতত এই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। যদিও তাতে চিঁড়ে ভেজেনি। রাজ এবং উদ্ধব দু’জনেই পৃথক সাংবাদিক বৈঠক করে এই ‘হিন্দি চাপিয়ে দেওয়া’র বিষয়টির তীব্র বিরোধিতা করার ডাক দেন। উদ্ধব জানান, আগামী ৭ জুলাই আজাদ ময়দানে নাগরিক সমাজের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। অন্যদিকে, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সুপ্রিমো রাজ ঘোষণা করেন, ৬ জুলাই গিরগাঁও চৌপাটি এলাকায় অরাজনৈতিক পদযাত্রা করবেন তিনি। সেখানে শিবসেনার উদ্ধব শিবির সহ সমমনোভাবাপন্ন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি।
শুক্রবার এনিয়ে সাংবাদিক সম্মেলনে উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত জানান, ৬ জুলাইয়ের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য রাজ তাঁদের আহ্বান জানিয়েছিলেন। উদ্ধব তাতে সম্মতিও দিয়েছিলেন। কিন্তু, ওইদিন আবার আসাধি একাদশী রয়েছে। ফলে সকলের পক্ষে ওইদিন কর্মসূচিতে অংশ নেওয়া সম্ভব নাও হতে পারে। তাই ৬ জুলাইয়ের পরিবর্তে ৫ জুলাই কর্মসূচি করার প্রস্তাব দেন উদ্ধব। সেই প্রস্তাবে রাজ সম্মতি দিয়েছেন বলেই জানান সঞ্জয়। তিনি বলেন, ‘আগামী ৫ জুলাই এমএনএস ও শিবসেনা (উদ্ধব শিবির) যৌথ প্রতিবাদ কর্মসূচি করবে।’ এমএনএস বা শিবসেনার উদ্ধব শিবিরের পাশাপাশি শারদ পাওয়ারের এনসিপিও হিন্দি-বিরোধিতায় সরব হয়েছে। সরাসরি না হলেও শুক্রবার শারদ এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, মারাঠিরা হিন্দি-বিরোধী নন। কিন্তু, খুদে পড়ুয়াদের উপর হিন্দি চাপিয়ে দেওয়াটা ঠিক নয়।
মারাঠি ভাষার ‘স্বার্থরক্ষা’য় রাজ ও উদ্ধবের এই একমঞ্চে আসাটা মহারাষ্ট্রের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। আবার অন্য অংশের মতে, চলতি বছরের শেষেই বৃহন্মুম্বই পুরসভার নির্বাচন রয়েছে। সেটাও এই দুই ভাইয়ের নৈকট্যের নেপথ্যে অনুঘটকের কাজ করে থাকতে পারে।