তথ্যচিত্রের মাধ্যমে জন্ম শতবার্ষিকীতে রাজ কাপুরকে শ্রদ্ধা জানানো হল চলচ্চিত্র উৎসবে। দেখানো হল ‘পেইন্টেড মেমোরিজ ক্যালকাটা কানেক্টস রাজ কাপুর’ নামক তথ্যচিত্র। যা মূলত রাজ কাপুরের কলকাতা কানেকশনের উপরই নির্মিত। মঙ্গলবার নন্দনে সাংবাদিক সম্মেলন করেন ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। ভারতীয় সিনেমার ইতিহাসের পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর উজ্জ্বল নক্ষত্র। কাপুর ঘরনার ঐতিহ্য, অবদান অস্বীকার করে ভারতীয় সিনেমার ইতিহাস লেখা অসম্ভব। রাজ কাপুরের বং কানেকশন যথেষ্ট গভীর। রাজ কাপুরের বাবা পৃথ্বীরাজ কাপুর নিউ থিয়েটার্স ষ্টুডিওতে নিয়মিত অভিনয় করতেন। তখন থেকেই শহর কলকাতায় অভিনয়ে হাতেখড়ি রাজ কাপুরের। তাঁর ছবির যাত্রাও শুরু কলকাতা থেকেই। দেবকী কুমার বসুর অবদান রাজ কাপুরের ফিল্মি কেরিয়ারে উল্লেখযোগ্য। এ প্রসঙ্গে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ‘তথ্যচিত্রে রাজ কাপুরের বেঙ্গলি কানেকশন তুলে ধরা হয়েছে। এছাড়াও নিউ থিয়েটার্স স্টুডিওতে আগুন লাগার পর বাংলার অনেক শিল্পীরা মুম্বইতে পাড়ি জমান। তারপর তাঁরা মায়ানগরীতে কীভাবে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছিলেন তাও তুলে ধরা হয়েছে।’



