সংবাদদাতা, রঘুনাথপুর: চলতি সপ্তাহে পুরুলিয়ার তথা জঙ্গলমহলে ঐতিহ্যবাহী মকর, টুসু উৎসব হবে। পর্যটকরা মকর সংক্রান্তিতে উৎসব দেখার জন্য ছুটিতে পুরুলিয়া চলে আসেন। অন্যদিকে জেলার ব্যবসায়ীরা বিভিন্ন জিনিসপত্র কিনতে বড় শহরগুলিতে যান। যার জন্য মূল ভরসা বলতে ট্রেন। অথচ ট্রেন নিয়ে এই জেলায় হয়রানির শেষ নেই। প্রতি সপ্তাহের মতো এবারেও দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন সপ্তাহব্যাপী ব্লক নিয়েছে। যার ফলে আদ্রা ডিভিশনের ট্রেন চলাচলে প্রভাব পড়বে। আজ, সোমবার থেকে আগামী ১৮ জানুয়ারি রবিবার পর্যন্ত ব্লক নেওয়া হয়েছে। ফলে পুরুলিয়া জেলার মানুষ ক্ষোভে ফেটে পড়ছে।
রেল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৬৮০৪৫/৬৮০৪৬ (আসানসোল -আদ্রা) মেমু প্যাসেঞ্জার ১৩,১৪ এবং ১৬ জানুয়ারি বাতিল রয়েছে। ৬৮০৫৩ /৬৮০৫৪ (আদ্রা -বরাভূম) মেমু প্যাসেঞ্জার ১৫ ও ১৮ জানুয়ারি বাতিল করা হয়েছে। এছাড়া ৬৮০৭৭/ ৬৮০৭৮ (আদ্রা- ভাগা) মেমু প্যাসেঞ্জার ১৮ জানুয়ারি চলাচল করবে না। এবং ৬৮০৬১ / ৬৮০৬২ (আদ্রা -আসানসোল) মেমু প্যাসেঞ্জার ১২ ও ১৫ জানুয়ারি বাতিল করা হয়েছে। ৬৮০৫৬ (টাটা -আসানসোল) মেমু প্যাসেঞ্জার ১৩ জানুয়ারি বাতিল করা হয়েছে। বাতিলের পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ১৮০১৯/ ১৮০২০ (ঝাড়গ্রাম -ধানবাদ) দৈনিক এক্সপ্রেস ১২,১৪,১৬ ও ১৮ জানুয়ারি বোকারো স্টিল সিটি পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে বোকারো - ধানবাদ রুটে পরিষেবা বাতিল থাকবে। ১৩৫০৩ / ১৩৫০৪ (বর্ধমান -হাটিয়া) মেমু প্যাসেঞ্জার ১২ জানুয়ারি এবং ১৪ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত গোমো পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে গোমো - হাটিয়ার মধ্যে পরিষেবা বাতিল থাকবে। ৬৮০৬০ (আসানসোল- বরাভূম মেমু প্যাসেঞ্জার এবং ৬৮০৫৫ (আসানসোল -টাটা) মেমু প্যাসেঞ্জার ১৩ জানুয়ারি আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিন ট্রেন দুটির পরিষেবা বাকি অংশে বন্ধ থাকবে। ৬৩৫৯৪/ ৬৩৫৯৩ (আসানসোল -পুরুলিয়া) মেমু প্যাসেঞ্জার ১২,১৩, ১৫ এবং ১৮ জানুয়ারি আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে আদ্রা - পুরুলিয়া অংশে পরিষেবা বাতিল থাকবে। এবং ৬৮০৫৬/৬৮০৬০ (টাটা- আসানসোল- বরাভূম) মেমু প্যাসেঞ্জার ১৭ জানুয়ারি আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিন আদ্রা - আসানসোলের মধ্যে পরিষেবা বাতিল থাকবে। এছাড়া সপ্তাহব্যাপী কিছু ট্রেনকে দেরিতে চালানো হবে বলে জানানো হয়েছে। যার মধ্যে ১৮০৩৬ (হাটিয়া -খড়গপুর ) এক্সপ্রেস ১৩ ও ১৭ জানুয়ারি হাটিয়া থেকে নির্ধারিত সময়ের ২ ঘন্টা দেরিতে ছাড়বে। ১৮১৮৪ (বক্সার -টাটা) এক্সপ্রেস ১৫ ও ১৮ জানুয়ারি বক্সার থেকে এক ঘন্টা দেরিতে ছাড়বে। ১৮০৩৫ (খড়গপুর -হাটিয়া) এক্সপ্রেস ১২, ১৫ এবং ১৮ জানুয়ারি খড়গপুর থেকে ২ ঘণ্টা দেরি ছাড়বে। রেলের এক আধিকারিক জানান, প্রতিটি ডিভিশনে ব্লক নেওয়া হয়। রেল ও যাত্রী সুরক্ষার কথা ভেবেই এই ব্লক নিয়ে উন্নয়নের কাজ হয়ে থাকে।