নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কলকাতা সাইরাং এক্সপ্রেস বা যাত্রীবিহীন বন্দে ভারত এক্সপ্রেস—একের পর এক দূরপাল্লার ট্রেনে ব্রেক ফেলের মতো ঘটনা ঘটেছে। তার পরেও যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে একপ্রকার শীতঘুমেই রয়েছে রেলমন্ত্রক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ রেল বিশেষজ্ঞ মহলের। সংশ্লিষ্ট মন্ত্রকের অন্দরেই দাবি উঠছে যে, অবিলম্বে সমস্ত মেল, এক্সপ্রেস ট্রেনের আমূল প্রযুক্তিগত নজরদারি হোক। এক্ষেত্রে বিশেষভাবে খতিয়ে দেখা হোক ব্রেকিং সিস্টেম। দু’টো ঘটনার পরই বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও পর্যন্ত এব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রীতিমতো দিশাহারা রেল বোর্ড। কারণ এসংক্রান্ত বিষয়ে কোনো পরিকল্পনাই এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। এর ফলে কার্যত প্রাণ হাতে নিয়েই চলাচল করতে হচ্ছে সাধারণ রেল যাত্রীদের।
গত ১১ নভেম্বর দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা সাইরাং এক্সপ্রেস। প্রধানত ব্রেক কাজ না করার জন্যই এমন দুর্ঘটনা বলে রেলেরই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তাছাড়া ওই দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের এক ভিডিয়ো সামনে এসেছে। তা থেকেও স্পষ্ট হচ্ছে যে, দুর্ঘটনার আগে ব্রেকিং সিস্টেম ঠিকমতো কাজই করেনি। আরও উদ্বেগজনক বিষয় হল, সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটার মাসখানেক আগেই একপ্রকার এই ঘটনাই ঘটেছিল চেয়ার কার যুক্ত একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে। ব্রেক ফেল হওয়া সত্ত্বেও ওই ট্রেন সাড়ে চারশো কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেয়। যদিও ওই ট্রেনে কোনো যাত্রী ছিলেন না। কিন্তু অন্য যাত্রীবাহী ট্রেন এই কারণে দুর্ঘটনার কবলে পড়তে পারত।
অভিযোগ, ওই বন্দে ভারত ট্রেনের লোকো পাইলট সমস্যার কথা কন্ট্রোল রুমে জানালেও তাতে কর্ণপাত করেনি রেল কর্তৃপক্ষ। এই দু’টো ঘটনার পরই রেলের যাত্রী সুরক্ষা নিয়ে বড়োসড়ো প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু পদক্ষেপ করার ব্যাপারে কেন দায়সারা অবস্থান নিচ্ছে রেল বোর্ড, তা নিয়েই রয়েছে প্রশ্ন। ওয়াকিবহাল মহলের ধারণা, ব্রেক ফেলের কারণে দুর্ঘটনার বিষয়টি প্রকাশ্যে স্বীকারই করেনি রেলমন্ত্রক। কারণ সেক্ষেত্রে এটিও মেনে নিতে হবে যে, যাবতীয় ত্রুটি রয়েছে রেলের পরিচালনেই। কিন্তু এমন বিষয় ধামাচাপা দিতে গিয়ে আদতে কি যাত্রীদের জীবন নিয়েই ছিনিমিনি খেলছে না রেল? আপাতত এপ্রশ্নেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। রেল কর্তৃপক্ষ যাবতীয় বিষয়েই মুখে কুলুপ এঁটেছে। তবে রেলমন্ত্রকের একটি সূত্র জানিয়েছে যে, এব্যাপারে জোনগুলির সঙ্গে ‘হাইব্রিড-মোডে’ বৈঠক করতে পারেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।



