বিয়েবাড়িতে খাবার পরিবেশন নয় রাত ১০টার পর, সিদ্ধান্ত কাশ্মীরি রাঁধুনিদের
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফিরদৌস হাসান, শ্রীনগর: কাশ্মীরের বিয়েবাড়িতে রাত জেগে ভোজ খাওয়ার চল বহুদিনের। কিন্তু সেই ভোজের আয়োজন করতে গিয়ে দীর্ঘক্ষণ কাজ করতে হয় রাঁধুনিদের। কখনো কখনো বরযাত্রী আসার অপেক্ষায় মাঝরাত পেরিয়ে যায়। এবার সেই নিয়মে বদল আনতে চাইছেন কাশ্মীরের ঐতিহ্যবাহী রাঁধুনিরা। রাত ১০টার পর বিয়েবাড়িতে খাবার পরিবেশন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 

Advertisement

কাশ্মীরের ঐতিহ্যবাহী বিয়ের বহু পদের খাবার ‘ওয়াজওয়ান’ তৈরির দায়িত্বে থাকেন এই রাঁধুনিরা। স্থানীয়ভাবে তাঁরা ‘ওয়াজা’ নামে পরিচিত। সম্প্রতি শ্রীনগরের রাজৌরি কাদল এলাকার একটি বিয়েবাড়িতে তাঁদের সম্মেলন হয়। সেখানে কাজের দীর্ঘ সময় ও বিয়েবাড়িতে দুর্ব্যবহারের বিষয়টি উঠে আসে। সম্মেলনেই সর্বসম্মতভাবে ঠিক হয়, রাত ১০টার পর আর খাবার পরিবেশন করা হবে না। কাশ্মীর ওয়াজা অ্যাসোসিয়েশনের সভাপতি গুলাম নবি ওয়াজা 
জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যার মুখোমুখি হচ্ছেন তাঁরা। ওয়াজওয়ানের নানা পদ তৈরি করতে কয়েক ঘণ্টা সময় লাগে। কনের বাড়িতে রান্নার দায়িত্ব থাকলে বর ও বরযাত্রীদের আসার জন্য অপেক্ষা করতে হয়। অনেক সময় তাঁরা মাঝরাতের পর পৌঁছান। গুলাম নবির কথায়, ‘এমন ঘটনাও ঘটেছে, রাত একটা পর্যন্ত বর না আসায় নিকাহ না পড়িয়েই ফিরে গিয়েছেন মৌলবি।’ তাঁর বক্তব্য, বিয়েবাড়িতে দেরি করে খাওয়াদাওয়া এখন ফ্যাশনে পরিণত হয়েছে। এই অভ্যাস বদলানো প্রয়োজন। রাঁধুনি আব্দুল মজিদ জানান, দীর্ঘক্ষণ কাজের পর বিশ্রামের জন্য উপযুক্ত জায়গাটুকুও অনেক সময় মেলে না। আয়োজকদেরও কর্মীদের বিশ্রামের ব্যবস্থা করা উচিত।