নীতীশ-পুত্রকে মুখ্যমন্ত্রিত্বের প্রস্তাব আরজেডির, ফের চর্চায় বিহারের রাজনীতি
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উৎসবের মরশুম সমাপ্তির সঙ্গে সঙ্গে বিহারে রাজনৈতিক দাবাখেলা শুরু। হঠাৎই নীতীশ কুমারের পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তকে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছে লালুপ্রসাদ যাদব ও তেজস্বী যাদবের দল আরজেডি। মঙ্গলবার দলের নেতা অভয় কুশওয়া বলেন, আমরা জানি সংযুক্ত জনতা দল বিজেপির উপর রুষ্ট। কারণ যেভাবে নীতীশকুমারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা অনৈতিক এবং বিশ্বাসঘাতকতা। তাই আসুন আবার এক ধর্মনিরপেক্ষ সরকার হোক বিহারে। লালুজি এবং তেজস্বী ভাইয়া খোলামনে চাইছেন নিশান্ত কুমার মুখ্যমন্ত্রী হন। 

Advertisement

জল্পনা জোরদার হয়েছে পাল্টা নীতীশ কুমারের দলের মন্তব্যে। তারা বলেছে, নিশান্ত কুমার আজ নয় কাল মুখ্যমন্ত্রী তো হবেনই। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনি অসাধারণ কাজ করছেন। বিহারবাসী চায় উনি মুখ্যমন্ত্রী পদে বসুন। কিন্তু সেটা যখন সময় আসবে তখন। বিহারের রাজনীতির এই নয়া সমীকরণে দিশেহারা বিজেপি। গেরুয়া শিবির বলেছে, নীতীশ কুমার এরকম সিদ্ধান্ত কখনও নেবেন না। তিনি প্রকাশ্যে বলেছেন যে, তাঁর জীবনের সবথেকে বড়ো ভুল আরজেডির সঙ্গে জোট।  তাই আমাদের কোনও আশংকা নেই। 
বিহার বিধানসভায় বস্তুত সরকার গড়ার চাবিকাঠি নীতীশ কুমারের হাতেই। তাঁর দলের কাছে ৮৫ আসন। বিজেপির হাতে ৮৮। পক্ষান্তরে ইন্ডিয়া জোটের কাছে ৩৫। সরকার গড়তে দরকার ১২২। নীতীশ কুমারের দলবদলের সম্ভাবনা সত্যিই হলে তখন আবার আসাদউদ্দিন ওয়াইসির দলের ৫ বিধায়কই হবেন কিংমেকার। কিন্তু বিহারের পালাবদলের হাওয়া হঠাৎ তীব্র হচ্ছে কেন?  জল্পনা এটাই। নীতীশ কুমার জোট বদলালে কেঁপে উঠবে দিল্লির সরকারও। কারণ এখনও মোদি সরকারের প্রত্যক্ষ দুই স্তম্ভ নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু।