রাজীব ও সোনিয়ার দাম্পত্য নিয়ে কটাক্ষ, পালটা রাহুল
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সোমবার ছিল সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এর আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান। সেখানে স্মৃতিচারণ করতে গিয়ে রাহুল গান্ধী বাবা-মায়ের দাম্পত্য জীবনের বিভিন্ন গল্প তুলে ধরেন। রাহুল বলেছিলেন, রাজীব গান্ধী যখন খেতেন, তখন সোনিয়া তাঁর কোলে বসতেন। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করতে শুরু করেন বিজেপি ছোটো-বড়ো নেতারা। বাদ যাননি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। রাহুল তাঁর মাকে প্রকাশ্যে অস্বস্তিতে ফেলে দিয়েছেন বলে মন্তব্য করেন হিমন্ত। মঙ্গলবার তার পালটা দিলেন রাহুল। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘ভয়, রাগ ও ঘৃণা বিজেপি ও আরএসএস সমর্থকদের চারপাশে এমন এক জাল বুনেছে যে তারা ভালোবাসা অনুভব করতে বা প্রকাশ করতেও পারে না। একজন প্রকৃত হিন্দু হিসাবে এই জাল থেকে তাদের মুক্ত করা আমার কর্তব্য, যাতে তারাও জীবনে ভালোবাসা ও আপনজনের সান্নিধ্যের আনন্দ অনুভব করতে পারে। সত্যম শিবম সুন্দরম।’ ওই পোস্টের সঙ্গে প্রাচীন মন্দিরের ভাস্কর্যের একটি ছবিও দিয়েছেন রাহুল। তাতে দেখা যাচ্ছে, নন্দীর উপর একসঙ্গে বসে রয়েছেন ভগবান শিব ও পার্বতী।

Advertisement

সোমবারের অনুষ্ঠানে রাহুল বলেন, ‘দৈনন্দিন রুটিনেই বাবা-মায়ের মধ্যে ভালোবাসা ফুটে উঠত। প্রতিবার খাবার সময় পাপার (রাজীব) কোলে থাকতেন মামা (সোনিয়া)। আমি ভেবেছিলাম এটা স্বাভাবিক ব্যাপার।  রাহুল আরও জানান, তিনি ও বোন প্রিয়াঙ্কা একবারই বাবা-মাকে ঝগড়া করতে দেখেছিলেন। রাজীব একবার ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে কথা বলছিলেন। সোনিয়া সেই সময় রাজীবকে কিছু বলার চেষ্টা করছিলেন। একই কথা তিন-চারবার বলেন। তাতে রাজীব রেগে যান। ঘটনাচক্রে, সোনিয়ার বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমানে বিজেপি নেতা অমরিন্দর। যা নিয়ে চর্চাও হচ্ছে।