নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সড়ক থেকে সুপ্রিম কোর্ট। ‘ভোট চুরি’র অভিযোগে রাহুল গান্ধীর নেতৃত্বে সরব বিজেপি বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’। সড়কে বিরোধীদের দাবি, ‘জ্ঞানেশ কুমারের ইস্তফা চাই।’ আর শীর্ষ আদালতে চাই ‘জবাব’। এসআইআর সংক্রান্ত ৪৮টি ‘প্রশ্নবাণে’র। রাহুল গান্ধী সহ ১৩ বিরোধী নেতানেত্রী যে ‘প্রশ্ন-হলফনামা’ তৈরি করেছেন, তার ঠেলায় বেসামাল জ্ঞানেশ কুমাররা। ১৭ পাতার প্রশ্নবাণের জবাব খুঁজছেন তাঁরা। তাই সময় চাইল কমিশন। সুপ্রিম কোর্টের কাছে। তার জেরে মঙ্গলবার শীর্ষ আদালতে তালিকাভুক্ত হওয়ার পরও বিস্তারিত শুনানি হল না।
দেশের প্রধান বিচারপতির বেঞ্চে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী হরিশ সালভে জানান, ‘ওই ৪৮ প্রশ্নের উপযুক্ত জবাব দেওয়ার জন্য সময় চাই। আমাদেরও কিছু বলার আছে। রাহুল গান্ধী যেসব অভিযোগ করেছেন, তাতে নির্বাচন কমিশনের গুরুতর আপত্তি রয়েছে।’ যদিও সংক্ষিপ্ত শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত কমিশনের আইনজীবীকে জানান, ‘যা বলার লিখিতভাবে আদালতে জমা দিন। তার জন্য সময় দিচ্ছি। আগামী ৯ ডিসেম্বর মামলার বিস্তারিত শুনানি হবে।’ রাহুল গান্ধীদের পক্ষে এদিন আদালতে ছিলেন আইনজীবী কপিল সিবাল।
ভোটার তালিকা শুদ্ধকরণের নামে ‘এসআইআর’। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আটটি মামলা জমা পড়েছে। একত্রেই শুনানি হবে। গত ১২ অক্টোবর নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে দল বেঁধে মিছিল করে সুপ্রিম কোর্ট অভিযান করেছিলেন রাহুল। জমা দেওয়া হয়েছিল পিটিশন। তখন কনস্টিটিউশন ক্লাবে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়কেও হলফনামায় সই করতে বলা হয়। কিন্তু কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের অন্যতম সহকারী গুরদীপ সিং সপ্পলকে সবিনয়ে মমতা জানিয়ে দেন, তিনি সই করবেন না। কারণ, এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে তিনি আগেই নিজের নামে মামলা করে রেখেছেন। তৃণমূলের প্রতিনিধি হিসাবে রাহুলের পিটিশনে সৌগত রায়ের সই নেওয়া হয়। রাহুল, খাড়্গের পরই সই করেন সৌগতবাবু। তারপর একে একে অখিলেশ যাদব, তেজস্বী যাদব, এম এ বেবি, সুপ্রিয়া সুলের মতো বাকিরা। পরে পৃথকভাবে একই ইস্যুতে মামলা দায়ের করেন কংগ্রেসের দিগ্বিজয় সিং এবং তৃণমূলের দোলা সেন।
এসআইআরের নামে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলেই অভিযোগ। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্বেচ্ছাচার চালিয়ে এসআইআর সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নিয়েছেন বলেই অভিযোগ। দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশি বারণ করা সত্ত্বেও জ্ঞানেশ কুমার কথা কানে নেননি বলেও চড়েছে অভিযোগের পারদ। সেটাই অক্সিজেন জুগিয়েছে বিজেপি বিরোধী জোটকে। ‘ইগো’ ছেড়ে ফের একজোট হয়েছে ‘ইন্ডিয়া’। এখন প্রশ্ন হল, এই ৪৮ দফা প্রশ্নের উত্তর কি সত্যিই দেবে কমিশন? সুপ্রিম কোর্টের থেকেও কি ‘অনুমতি’ মিলবে? বিরোধীরা বলছে, যে বজ্রআঁটুনিতে কমিশনকে চেপে ধরা হয়েছে, তাতে মুখ খুলতেই হবে জ্ঞানেশ কুমারকে। তিনিও অবশ্য এই ফাঁস আলগা করতে মরিয়া। সেই মর্মে সুপ্রিম কোর্টেও বক্তব্য দিয়েছে কমিশন। সময় পাওয়া গিয়েছে। এবার ‘প্রশ্নবাণে’র উত্তর খুঁজছেন জ্ঞানেশ কুমার।



