Bartaman Logo
১০ জুন, ২০২৬

বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত এক্সপ্রেসে ইমার্জেন্সি কোটা ফেরাচ্ছে রেল, জারি বিজ্ঞপ্তি

বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত এক্সপ্রেসে ইমার্জেন্সি কোটা ফেরাচ্ছে রেল, জারি বিজ্ঞপ্তি

বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত এক্সপ্রেসে ইমার্জেন্সি কোটা ফেরাচ্ছে রেল, জারি বিজ্ঞপ্তি
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাখা গেল না প্রতিশ্রুতি। কয়েক দিনের মধ্যেই ফুটো হয়ে গেল কেন্দ্রের মোদি সরকারের গালভরা ঘোষণার ফানুস। ‘প্রবল চাপে’ শেষমেশ হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে ‘ইমার্জেন্সি কোটা’ পরিষেবা ফেরাতে একপ্রকার বাধ্য হচ্ছে রেল বোর্ড। একই পরিষেবা মিলবে অমৃত ভারত এক্সপ্রেসেও। ইতিমধ্যে এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে রেলমন্ত্রক।

Advertisement

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালুর আগেই রেলমন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, এক্ষেত্রে কোনো ইমার্জেন্সি কোটা থাকবে না। রেল যাত্রীরা স্বাভাবিক পদ্ধতিতেই টিকিট পাবেন। শুধুমাত্র মহিলা, বিশেষভাবে সক্ষম, প্রবীণ নাগরিকদের জন্য নির্ধারিত কোটা এবং ডিউটি পাস কোটা চালু থাকবে। কিন্তু জারি করা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে রেল বোর্ড স্পষ্টই জানিয়েছে, বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে। বন্দে ভারত স্লিপার ট্রেনে সপ্তাহান্তে ফার্স্ট এসিতে ছ’টি, সেকেন্ড এসিতে ৩০টি এবং থার্ড এসিতে ৪২টি ইমার্জেন্সি কোটা থাকবে। সপ্তাহের বাকি পাঁচদিন ফার্স্ট এসিতে চারটি, সেকেন্ড এসিতে ২০টি এবং থার্ড এসিতে ২৪টি ইমার্জেন্সি কোটা রাখা হবে।
প্রসঙ্গত, জরুরি প্রয়োজনে মূলত ভিআইপিদের একেবারে শেষ মুহূর্তে যাতে ট্রেনের কনফার্মড টিকিট পেতে কোনো সমস্যা না হয়, তার জন্য ইমার্জেন্সি কোটার বন্দোবস্ত করে রেল। এর ফলে ওই ‘কোটা’র আসন বাদ দিয়েই টিকিট বুকিং করানো হয়। কিন্তু দীর্ঘদিন ধরেই সাধারণ যাত্রীদের একটি বড় অংশের অভিযোগ, এই ইমার্জেন্সি কোটার অপব্যবহার হচ্ছে। প্রভাব খাটিয়ে নন-ভিআইপিরাও এর সুবিধা নিচ্ছেন। ফলে সাধারণ যাত্রীদের একটি অংশ স্বাভাবিক পদ্ধতিতে কনফার্মড টিকিট পেতে নাজেহাল হচ্ছেন। বিষয়টি তা মাথায় রেখে রেলমন্ত্রক বন্দে ভারত স্লিপারে কোনো ইমার্জেন্সি কোটা না রাখার ঘোষণা করেছিল। যদিও ‘পরিস্থিতির চাপে’ ফের রেল বোর্ডকে তাদের জন্য ‘স্বাভাবিক অবস্থানে’ই ফিরতে হল!

Advertisement
সম্পর্কিত সংবাদ