আইনি লড়াইয়ে জয়, ভার্জিনিয়ায় দখলমুক্ত মহাত্মা গান্ধীর নাতির জমি
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুরাত: দীর্ঘ আইনি লড়াই শেষে মিলল জয়। ভার্জিনিয়ায় মহাত্মা গান্ধীর নাতি প্রয়াত কানু গান্ধীর জমি থেকে দখলদারকে সরে যেতে নির্দেশ দিল মার্কিন আদালত। গত ২০ মাস ধরে এই আইনি লড়াই লড়ছিলেন সুরাতের পিরামল দেশাই। ঘটনার সূত্রপাত ভার্জিনিয়ার ওয়ারেন কাউন্টিতে সেনানডোয়া ন্যাশনাল পার্ক সংলগ্ন ৩০ একর জমি ঘিরে। ১৯৮৭ সালে ওই জমিটি কিনেছিলেন কানু গান্ধী ও তাঁর স্ত্রী শিবা গান্ধী। ২০১৩ সালে তাঁরা ভারতে ফিরে আসেন। নিজেদের জীবনের শেষ দিনগুলি দক্ষিণ গুজরাতে কাটান তাঁরা। ২০১৬ সালের নভেম্বর মাসে সুরাতে মৃত্যু হয় কানু গান্ধীর। নিজের যাবতীয় সম্পত্তি স্ত্রীকে দিয়ে যান তিনি। ২০১৮ সালে শিবা গান্ধী একটি দাতব্য প্রতিষ্ঠান (দ্য ডঃ সচিবা অ্যান্ড কানু রামদাস মোহনদাস গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট) তৈরি করে সেখানেই নিজেদের সমস্ত সম্পত্তি দান করেন। ২০২০ সালে তাঁর মৃত্যুর পর উইল মোতাবেক ম্যানেজিং ট্রাস্টি হিসাবে পিরামল দেশাই ওই দাতব্য প্রতিষ্ঠানটি চালানোর ভার নেন।

Advertisement

দেশাই জানান, ভার্জিনিয়ার জমিটির কথা জানতে পেরে ২০২৪ সালে প্রথমবার সেখানে যাই। সাড়ে চার হাজার মার্কিন ডলার খরচ করে জমিটি সার্ভেও করানো হয়। কিন্তু ২০২৫ সালের ১০ জানুয়ারি মার্কিন নাগরিক গ্রেগরি ব্ল্যাক আমার ঠিকানায় একটি আইনি নোটিস পাঠান। তিনি দাবি করেন, ২০০৮ সাল থেকে ওই জমিটি দখল করে রেখেছেন তিনি। সেখানে বেশ কিছু কাজও করিয়েছেন। এর পরেই ভার্জিনিয়ার কিছু নিয়ম উল্লেখ করে ওই জমিটির অধিকার দাবি করেন তিনি। পালটা আইনজীবী নিয়োগ করে আইনি লড়াইয়ের পথে হাঁটেন দেশাইও। যদিও শেষ পর্যন্ত আদালতে নিজের অধিকারের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ দাখিল করতে পারেননি ব্ল্যাক।