মোবাইলে আড়িপাতার অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, প্রমাণ রয়েছে এই ফোনেই, দাবি রাহুলের
  • ১৩ নভেম্বর, ২০২৬ ১৬:২০
Prefer us on Google

নয়াদিল্লি, ১৩ নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আজ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি অনলাইন প্রশ্নোত্তর পর্বে নিজের ফোন তুলে ধরে রাহুল জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর কাছে সমস্ত প্রমাণ রয়েছে। তাঁর দাবি, প্রমাণ এই ফোনেই রয়েছে। প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনিই আমার ফোনে আড়ি পাতেন। তবে নিজের অভিযোগের সমর্থনে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ প্রকাশ্যে আনেননি রাহুল। এর আগেও ২০২৩ সালে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে তাঁর এবং একাধিক বিরোধী নেতার ফোনে নজরদারি চালানোর অভিযোগ তুলেছিলেন তিনি। এমনকি, গোয়েন্দা আধিকারিকদের কাছ থেকে ফোনে সতর্কবার্তা পাওয়ার কথাও জানিয়েছিলেন রাহুল। যদিও সেই অভিযোগ খারিজ করেছিল কেন্দ্র। আজ ফের প্রধানমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ জানান রাহুল। তাঁর দাবি, বিদেশি নিয়ন্ত্রণ, জাতীয়তাবাদ এবং দেশের নিরাপত্তার মতো একাধিক বিষয়ে মুখোমুখি বিতর্ক হলেই সত্য সামনে আসবে। গত ১২ দিনে এই নিয়ে সাতবার মোদিকে বিতর্কে বসার আহ্বান জানালেন রাহুল।

Advertisement

অপরদিকে, বিজেপি নেতারা রাহুলের এই চ্যালেঞ্জকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের পাল্টা বক্তব্য, সংসদে আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও রাহুল কেন বাইরে বিতর্কের দাবি তুলছেন, সেই প্রশ্নের জবাব দেওয়া উচিত। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও আগে এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন।