মাইক্রোসফটের বিশ্বব্যাপী বিভ্রাটের প্রভাব বিমান পরিষেবাতেও, বাতিল ৩টি বিমান
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৮:১৫
Prefer us on Google

নয়াদিল্লি, ১৩ নভেম্বর: মাইক্রোসফটের বিশ্বব্যাপী পরিষেবা বিভ্রাটের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের বিমান পরিষেবায়। আজ শুক্রবার সকালে দিল্লি থেকে স্পাইসজেটের তিনটি উড়ান বাতিল করা হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি আরও দুটি উড়ান দেরিতে চলেছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত অন্য বিমান সংস্থাগুলি বড়সড় কোনো সমস্যার কথা জানায়নি।

Advertisement

স্পাইসজেট মারফত জানা গিয়েছে, বাতিল হওয়া তিনটি উড়ানের মধ্যে রয়েছে দিল্লি-পুণে, দিল্লি-লেহ এবং দিল্লি-মুম্বই রুটের বিমান। এছাড়াও দিল্লি-দারভাঙা এবং দিল্লি-মুম্বই রুটের আরও দুটি উড়ান দেরিতে ছেড়েছে।

অপরদিকে এয়ার ইন্ডিয়া মারফত জানা গিয়েছে, মাইক্রোসফটের পরিষেবা বিভ্রাটের পরিস্থিতির উপর তারা নজর রাখছে। তবে তাদের বিমান পরিষেবা এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। সংস্থার যোগাযোগ ব্যবস্থাতেও কোনো সমস্যা হয়নি। যাত্রীদের ইমেল পরিষেবা সচল রাখতে আপাতত ইমেল ট্র্যাফিক অন্য পথে পাঠানো হচ্ছে। নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যেই ইমেলের উত্তর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তাঁরা। পাশাপাশি ইন্ডিগো এবং আকাশা এয়ারও যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইতিমধ্যেই। বিমানবন্দরে রওনা হওয়ার আগে উড়ানের সময় ও বর্তমান পরিস্থিতি যাচাই করে নেওয়ার আবেদন জানিয়েছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষও।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে মাইক্রোসফটের আউটলুক, টিমস-সহ একাধিক পরিষেবায় বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দেয়। মাইক্রোসফট জানিয়েছে, সমস্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পরিষেবা স্বাভাবিক করতে সমাধানের পথ খোঁজা হচ্ছে।