নিশ্বাসে এখনও ‘বিশ্বাস’ নেই, দিল্লিতে ‘ভয়াবহ’ বায়ুুদূষণের মাত্রা
  • ১৩ নভেম্বর, ২০২৬ ১৩:২২
Prefer us on Google

নয়াদিল্লি, ১৩ নভেম্বর: এখনও রাজধানীতে বাতাসে ‘বিষের’ গন্ধ! ধোঁয়ায় ঢেকে রয়েছে গোটা শহর। দিল্লিজুড়ে বাতাসের দূষণের মাত্রা ‘ভয়াবহ’। শুক্রবার রাজধানীতে বাতাসের গুণমান সূচক ৪০০-এরও বেশিতে গিয়ে দাঁড়িয়েছে। সবে নভেম্বর মাস, এখনও শীতের বাকি অনেকগুলো দিন। তার আগেই দূষণের মাত্রা কিছুটা কমার পর ফের হু হু করে বাড়ছে। আরও অবনতির দিকে এগোচ্ছে পরিস্থিতি! বাতাসের গুণমান সূচক ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকলে তা ‘ভয়াবহ’ বা ‘সংকটজনক’ হিসেবে ধরা হয়। সেখানে দাঁড়িয়ে এই একিউআই-দেখার পরে চিন্তার ভাঁজ পরিবেশবিদ থেকে শুরু করে সাধারণ মানুষের কপালে।

Advertisement

দীপাবলিতে রাজধানীর একাধিক প্রান্তে একিউআই ৩০০০ ছাড়িয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও বহু সাধারণ মানুষ প্রতিবাদ জানান। বহু ইনফ্লুয়েন্সার সরব হন এবং পোস্ট করেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি! সাধারণ মানুষকে বাধ্য হয়েই মুখে মাস্ক পরে রাস্তায় চলাফেরা করতে হচ্ছে এখনও।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (সিপিসিবি)-এর দেওয়া তথ্য অনুযায়ী, আইটিও-তে বাতাসের গুণমান সূচক ‘ভয়াবহ’ পর্যায়ে গিয়ে ঠেকেছে। সেখানকার একিউআই ৪৫৫। এইমস সংলগ্ন এলাকায় এই মাত্রা ৪১৭ থেকে ৪১৮-এর মধ্যে। শহরের অন্যান্য এলাকাতেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দ্বারকা এক্সপ্রেসওয়েতে একিউআই ৩৬৯, যা ‘খুব খারাপ’। অন্যদিকে, জওহরলাল নেহরু স্টেডিয়ামের আশপাশের এলাকায় বাতাসের গুণমান সূচক ৩৭৪।

কীভাবে বোঝা যাবে, কোথাকার পরিস্থিতি কতটা ভয়াবহ? একিউআই পরিমাপ পদ্ধতি অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে বাতাসের গুণমান সূচক থাকলে তা ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মাঝারি’ বা ‘মোডারেট’, ২০১ থেকে ৩০০ ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ ‘খুব খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০-এর মধ্যে সূচক থাকলে তাকে ‘ভয়াবহ’ বা ‘সংকটজনক’ বলা হয়।

আজ সবে নভেম্বর মাসের ১৩ তারিখ, এখনও বাকি গোটা ডিসেম্বর ও জানুয়ারি মাস। সেখানে দাঁড়িয়ে এই পরিস্থিতি যথেষ্ট আশঙ্কাজনক, বলেই মনে করছেন পরিবেশবিদরা। সরকারের তরফে প্রায় প্রতিদিন জল ছড়ানো হলেও দূষণের এই মাত্রা কমছেই না। যা নিয়ে চরম উদ্বেগে সকলে।