নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আদিবাসীদের মন জয়ে জোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আগামী ১৫ নভেম্বর বিরসা মুণ্ডার ১৫১তম জন্মদিনকে মাথায় রেখে ২ হাজার ৯১৩ কোটি টাকার ২৪৬টি প্রকল্প ঘোষণা করবেন তিনি। ১-১৫ নভেম্বর জনজাতি গৌরব পর্ব পালন হচ্ছে। শেষদিন মহারাষ্ট্রের গড়চিরৌলিতে হবে সমাপ্তি তথা মূল অনুষ্ঠান। বৃহস্পতিবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়েল ওঁরাও। সঙ্গে ছিলেন মন্ত্রকের সচিব রঞ্জনা চোপড়া।
মন্ত্রী জানান, আদিবাসী উন্নয়নে বিজেপি তথা এনডিএ সরকার ছাড়া কেউ কাজ করেনি। অন্য দল স্রেফ গরিবি হটাও স্লোগান দিয়েছিল। বাস্তবায়ন হয়নি। সেখানে নরেন্দ্র মোদির সরকার প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে বের করে এনেছে। সেই ধারায় আদিবাসী উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, একলব্য মডেল স্কুল হোক বা স্কলারশিপ, উচ্চশিক্ষায় আদিবাসীদের উৎসাহ বাড়ানো, আদিবাসী এলাকার জড়িবুটিকে ঔষুধি কাজে আরও বেশি করে ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্রেফ আদিবাসী এলাকায় হবে অতিরিক্ত ২০ হাজার কিলোমিটার রাস্তা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় অতিরিক্ত ২০ লক্ষ বাড়ি।
যদিও এত উদ্যোগের পরেও আদিবাসী এলাকার উন্নয়নের জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থার সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) অনুদানের ক্ষেত্রে কৃপণতা কাটছে না বলেই ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘কয়লা মন্ত্রক সংক্রান্ত কোম্পানির কাছে সিএসআর তহবিল হিসেবে ১৫ হাজার কোটি রয়েছে। কিন্তু তার মধ্যে থেকে আদিবাসী বিষয়ক কাজে মিলেছিল মাত্র ২০ কোটি টাকা। তাই কিছুটা খারাপ তো লাগেই।’
মন্ত্রী জানান, নতুন করে আদিবাসী বা শিডিউল ট্রাইবস হিসেবে যুক্ত হতে অনেক রাজ্যেই দাবি উঠছে। কিন্তু দাবি উঠলেই হবে না। রাজ্য সরকারের সুপারিশ, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন, সংসদে বিল পাশের মতো নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। যা অত্যন্ত সময়সাপেক্ষ। তাই আদিবাসী জনজাতি হিসেবে দাবি উঠলেও দ্রুত কোনো সম্প্রদায়কে নতুন করে তকমা দেওয়া সহজ কাজ নয়। ছবি: পিটিআই



