নয়াদিল্লি: সোনিয়া গান্ধীর স্মৃতিকথা নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। মায়ের আত্মজীবনী নিয়ে বিরোধীদের সমালোচনার কড়া জবাব দিলেন প্রিয়াঙ্কা। তাঁর কথায়, দীর্ঘদিন ধরে যাঁরা মায়ের বিরুদ্ধে লাগাতার মিথ্যা বলেছেন, তাঁরা আজ আত্মজীবনী নিয়ে প্রশ্ন তুলবেন। এটাই স্বাভাবিক। বৃহস্পতিবার কেরলের ওয়েনাড়ে সোনিয়া-কন্যা বলেন, ‘একটা সময় আমার মায়ের সম্পর্কে বিজেপি, আরএসএস সহ অনেকে যা খুশি তাই বলেছে। মিথ্যা গল্প থেকে মনগড়া অভিযোগ তুলেছেন। কিন্তু আমার মা এতদিন চুপ ছিলেন। আজ বইয়ে সেসব সত্য কথা তুলে ধরেছেন। নিজের কথা বলার তাঁর অধিকার রয়েছে।’
এদিকে, জাতিভিত্তিক গণনাকে বিরোধীদের জোটের মূল এজেন্ডা করার প্রস্তাবের বিরোধিতা করেছিলেন তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আপত্তির কারণেই মহাজোট ‘ইন্ডিয়া’র প্রতি মোহভঙ্গ হয়েছিলেন বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের, এমনটাই দাবি জেডিইউর বর্ষীয়ান নেতা অশোক চৌধুরীর। বিরোধীদের জোট ‘দুর্বল’, নীতীশ এই অজুহাতে মহাজোট ‘ইন্ডিয়া’ ছেড়ে বেরিয়ে আসেন বলে স্মৃতিকথায় লিখেছেন সোনিয়া। তারই জবাবে চৌধুরী বলেন, নীতীশ কুমারই দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে নবীন পট্টনায়ক ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি-বিরোধী ফ্রন্টে একজোট হতে রাজি করিয়েছিলেন। পাটনায় বিরোধী জোটের প্রথম বৈঠকের উদ্যোক্তা ছিলেন নীতীশই। সেখানে কংগ্রেস নেতৃত্বের কোনো ভূমিকাই ছিল না। পরে মুম্বইয়ের বৈঠকে নীতীশ জাতিভিত্তিক গণনাকে সামনে রেখে প্রচার করার দাবি জানান। কিন্তু তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তার বিরোধিতা করেন। তারপরেই জোট নিয়ে মোহভঙ্গ হয় জেডিইউ সুপ্রিমোর।
অন্যদিকে, সোনিয়ার বইয়ে শিখ বিরোধী দাঙ্গা নিয়ে মিথ্যা ঘটনা তুলে ধরার অভিযোগে বিক্ষোভ দেখালেন দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বই পুড়িয়ে বিক্ষোভ দেখান তাঁরা।



