বেগুসরাই: মাস চারেক আগে বিহারের বেগুসরাইয়ে গণধর্ষণের শিকার হয়েছিলেন ২৮ বছরের তরুণী। তার জেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি ঘরে ফিরেছিলেন। এবার মামলা তুলে নেওয়ার চাপ দিয়ে নির্যাতিতা সেই মহিলাকেই বাড়ির ছাদ থেকে ছুড়ে ফেলে দিল অভিযুক্ত দুষ্কৃতীরা। বুধবার একথা জানিয়ে মহিলার স্বামীর অভিযোগ, দুষ্কৃতীরা লাগাতার তাঁদের পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। গত ১১ জুন ওই মহিলা গণধর্ষণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত পলাতক। সেই দুষ্কৃতীই বাইরে থেকে নির্যাতিতার পরিবারকে ব্ল্যাকমেল করে যাচ্ছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, গত সোমবার ওই নির্যাতিতার বাড়ি চড়াও হয় দুষ্কৃতীরা। ওই মহিলাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় মহিলার মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শহরের একটি হাসপাতালে ভরতি করা হয়। এই হামলার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। বেগুসরাইয়ের পুলিশ সুপার মণীশ জানিয়েছেন, বুধবার ভোঙ্গল মাহাত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যে পাঁচজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ছিল, তাদের মধ্যে ভোঙ্গল ছিল না।



