নয়াদিল্লি: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আম আদমি পার্টি (আপ) সুপ্রিমো আরবিন্দ কেজরিওয়াল! সাত কোটি টাকা না দিলে তাঁকে এবং মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে খুন করা হবে। গত ৬ নভেম্বর পাঞ্জাবের মোহালি থানায় এনিয়ে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে হুমকির সূত্র ধরে তদন্তে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার দিল্লির তিলকনগরের আপ বিধায়ক জার্নেল সিং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হুমকির বিষয়টি প্রকাশ্যে আনেন। তাঁর হোয়াটসঅ্যাপে এই হুমকি মেসেজ ও ফোন করা হয়। একটি অচেনা নম্বর থেকে পাঠানো ব্যক্তি নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেন বলে অভিযোগ। বিধায়ককে হুমকি দিয়ে বলা হয়, সাত কোটি টাকা না পেলে কেজরিওয়াল ও তাঁর মেয়েকে প্রাণে মেরে ফেলা হবে। এরপর জার্নেল সিং মোহালি থানায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করেন। সাইবার ক্রাইম থানার ইন্সপেক্টর সুনীল কুমারকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, যে মোবাইল নম্বর থেকে হুমকি এসেছিল তার কল ডিটেইলস, আইপি এবং লোকেশন খতিয়ে দেখে অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে। প্রাণনাশের হুমকির পর আপ সুপ্রিমো ও তাঁর পরিবারের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন জার্নেল সিং।



