নয়াদিল্লি: ‘প্রধানমন্ত্রী মোদি... সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বের শীর্ষে থাকা দেশের মিডিয়ার প্রশ্ন নেবেন না?’ গত ১৮ মে নরওয়ের অসলোতে মোদিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন সাংবাদিক হেলে লিং। উত্তর না দিয়েই বেরিয়ে যান প্রধানমন্ত্রী। তারপরই বিশ্বজুড়ে আলোড়ন। সমাজমাধ্যমে ভারতীয় নেটিজেনদের একাংশের তীব্র ট্রোলের শিকার হন ওই সাংবাদিক। এমনকি তাঁকে ‘গুপ্তচর’ বলেও দাগিয়ে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় সমাজমাধ্যমে হেলের একাধিক অ্যাকাউন্ট। বিতর্কের সেই আগুন স্তিমিত হয়েছে, কিন্তু একেবারে নেভেনি। তার প্রমাণ মিলল। আরও একবার। কারণ, হ্যালির ভিসা বাতিল! ভারতে প্রবেশের অনুমতি নেই তাঁর! গুরুতর এই অভিযোগ তুলেছেন সাংবাদিক নিজেই। হায়দরাবাদে ভারত সামিটে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। বিষয়, ‘গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা’। হেলের সেখানে বক্তব্য রাখার কথা। বৈধ সিঙ্গেল এন্ট্রি ভিসা, সঙ্গে ‘পলিটিকাল ক্লিয়ারেন্স’ও। হেলের অভিযোগ, কোনো এক অজ্ঞাত ও রহস্যজনক কারণে তা শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োয় তিনি দাবি করেছেন, ব্যাগ গোছানো হয়ে গিয়েছিল তাঁর। বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার ঠিক ১০ মিনিট আগে তাঁর কাছে ভারতীয় দূতাবাস থেকে একটি ফোন আসে। তাঁকে বলা হয়, আপনি ভারতে ঢুকতে পারবেন না। আপনার ভিসা রদ করা হয়েছে। অমিত শাহকে নিশানা করে দাগসেভিসেন পত্রিকার এই সাংবাদিক দাবি করেছেন, এই ঘটনা স্রেফ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য বা বিবৃতি দেয়নি ভারতের বিদেশমন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।
এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োতে হেলে বলেছেন, ‘এই বার্তা অমিত শাহের জন্য। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে প্রথমবার পা রাখার জন্য মুখিয়ে ছিলাম। আমি জানি না কেন... তবে মনে হয়, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নরওয়ের অসলোতে আমি প্রধানমন্ত্রী মোদিকে প্রশ্ন করেছিলাম। এই ঘটনার সঙ্গে তাঁর যোগ থাকতে পারে।’ পাশাপাশি প্রধানমন্ত্রীর ‘কর্পোরেট বন্ধু’দের তীব্র সমালোচক হওয়াটাও তাঁর ভিসা বাতিলের অন্যতম কারণ হতে পারে বলে মনে করেন তিনি। এমনকি ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দিপকের সাক্ষাৎকার নেওয়াও তাঁর ভিসা বাতিলের অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন হেলে। তিনি আরও জানিয়েছেন, ‘হায়দরাবাদে বক্তব্য রাখার জন্য আরও দু’দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে অনুমতি পেলেও সময়ে পৌঁছাতে পারব।’ তিনি বলেন, ‘অমিত শাহ, এবার বল আপনার কোর্টে।’
হেলের ভিসা বাতিলের বিষয়টিকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরাও। কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘নরেন্দ্র মোদি ও তার সরকার প্রশ্নকে এত ভয় পায় কেন?’ এই ঘটনাকে ‘প্রশ্নের সাজা’ বলে সাফ দাগিয়ে দিচ্ছে বিরোধীরা। সরব হয়েছেন তৃণমূল সাংসদ তথা সাংবাদিক সাগরিকা ঘোষও। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘শুধু প্রশ্ন করার কারণেই এক সাংবাদিকের ভিসা বাতিল করার ঘটনা অত্যন্ত আপত্তিকর। নরেন্দ্র মোদির সরকার স্ক্রিপ্ট ছাড়া একটি প্রশ্নেরও উত্তর দিতে পারেন না। এই ভয় প্রমাণ করে, তারা কতটা ব্যর্থ।’
এডিটরস গিল্ড অব ইন্ডিয়ার পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘শেষ মুহূর্তে নরওয়ের সাংবাদিক হেলে লিংয়ের ভিসা বাতিলের ঘটনায় এডিটরস গিল্ড গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই ধরনের ঘটনা আমলাতন্ত্রের অতি তৎপরতা। গোটা বিশ্বের সামনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।’ তবে হেলে একা নন। সামিট আয়োজকদের দাবি, মোট ৩১৫ জন আমন্ত্রিতের মধ্যে ১১৩ জনকেই ভারতে আসার ছাড়পত্র দেওয়া হয়নি। এমনকি হেলের মতো আরও একাধিক ব্যক্তির ভিসা মঞ্জুর হয়ে যাওয়ার পরও বাতিল হয়েছে। অথচ আমন্ত্রিতদের কেউই পাকিস্তান, চীন, আফগানিস্তান, সুদানের নন। অভ্যাগতদের কেউ কাশ্মীর বা মণিপুরের মতো সংবেদনশীল এলাকাতেও যাবেন না। ফলে তাঁদের ভিসার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকের বিবেচনাধীন হওয়ার কথা নয়। তারপরও কেন তাঁদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হল না? মুখ খোলেনি মোদির সরকার।



